অর্ধযুগ পর একসঙ্গে রিচি-দীপা
শুটিং সেটে রিচি সোলায়মান ও দীপা খন্দকার
টেলিভিশন নাটকের জনপ্রিয় দুই তারকা অভিনেত্রী দীপা খন্দকার ও রিচি সোলায়মান। দীর্ঘ সাত বছরের বেশি সময় পর একসঙ্গে অভিনয় করলেন তারা। ‘ভালোবাসার অন্য নাম তুমি’ শিরোনামের একটি নাটকে দেখা যাবে তাদের। এটি পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী।
রিচি সোলায়মান ও দীপা খন্দকারকে নাটকটিতে নেওয়ার কারণ ব্যাখ্যা করে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, “গল্পের প্রয়োজনে দীপা ও রিচিকে প্রয়োজন ছিল। দুটি চরিত্র এমন, যেগুলোর জন্য তাদের দুজনকেই উপযুক্ত মনে হয়েছে। তাদের সঙ্গে আমার বোঝাপড়া দীর্ঘদিনের। একটি ভালো কাজের জন্য শিল্পী-পরিচালকের পারস্পরিক আস্থা খুব গুরুত্বপূর্ণ।”
দীপা খন্দকার বলেন, “আমার আর রিচির খুব বেশি নাটকে একসঙ্গে কাজ করা হয়নি। সর্বশেষ কাজটিও ছিল চয়নিকা দিদির পরিচালনায়। সাত বছর আগে সেই শুটিং হয়েছিল। তবে এবারের কাজের বিশেষ দিক হচ্ছে—আমরা যাদের সঙ্গে শুরুতে কাজ করেছি, তাদের অনেকেই এই নাটকে আছেন। বলা যায়, আমাদের প্রজন্মের সমসাময়িক ও জ্যেষ্ঠ শিল্পীদের একধরনের পুনর্মিলন ঘটেছে। কাজের ফাঁকে গল্প-আড্ডায় দারুণ সময় কেটেছে।”
নাটকের গল্প ও নির্মাতার প্রশংসা করে দীপা খন্দকার বলেন, “এটি প্রেমের গল্প। চয়নিকা দিদি প্রেমের গল্প নির্মাণে আলাদা মুনশিয়ানা দেখান। তার স্বভাবসুলভ আবেগ আর সম্পর্কের সূক্ষ্ম টানাপড়েন এই কাজেও আছে।”
ইফফাত আরেফিন মাহমুদ রচিত এ নাটকে আরো অভিনয় করেছেন—শহীদুজ্জামান সেলিম ও ডলি জহুর। উত্তরাসহ রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ হয়েছে।
ঢাকা/শান্ত