একটা মেয়ে নিজের জন্য কখনো বাঁচতেই পারে না: ভাবনা
আশনা হাবিব ভাবনা
কয়েক দিন আগে মারা গেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরা। প্রাথমিকভাবে ধারণা করা হয়, আত্মহত্যা করেছেন ইকরা। আলভী নিজেও ফেসবুক স্ট্যাটাসে এমনটা দাবি করেছেন।
শিশুপুত্রকে রেখে ইকরার পরপারে পাড়ি জমানোর ঘটনায় আহত হয়েছেন মানুষ। তার মৃত্যু নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে; বহুল চর্চায় রূপ নিয়েছে বিষয়টি। এরইমধ্যে ‘ইচ্ছামৃত্যু/আত্মহত্যা’ শিরোনামে বেশ দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
এ অভিনেত্রী বলেন, “মানুষের জীবনে এমন মুহূর্ত আসে, যখন মনে হয় আমি আর বেঁচে থাকতে চাই না। আমাদের সবার জীবনেই এমন মুহূর্ত অনেকবার আসে। আমরা মেয়েরা অনেক বেশি ইমোশনাল। কারণ আমাদের সমাজব্যবস্থা, পরিবার আমাদের এভাবেই তৈরি করে। আমরা নিজেকে ভালোবাসতেই শিখি না, সবসময় অন্যের জন্যে বাঁচি।”
একজন নারী কীভাবে অন্যের জন্য বাঁচেন, তা ব্যাখ্যা করে আশনা হাবিব ভাবনা বলেন, “ছোটবেলায় মা-বাবার কথা শুনে বড় হই, এটা করা যাবে না, সেটা করা যাবে না। তারপর প্রেমিকের কথা শুনে, তারপর স্বামী, তারপর ছেলে-মেয়েদের কথা শুনে। এভাবেই একটা মেয়ে নিজের জন্যে কখনো বাঁচতেই পারে না।”
ভালোবাসার মানুষের তাচ্ছিল্য পাওয়ার পরও একজন নারী সম্পর্ক টেনে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন ভাবনা। তার মতে, “ভালোবাসার মানুষের সামান্য তাচ্ছিল্য মেনে নেয়া কঠিন। খুবই কঠিন। তবু মেয়েরা দিনের পর দিন একটা অসুস্থ, ভালোবাসাহীন সম্পর্ককে টিকিয়ে নিয়ে যায়, শুধু আবার আরেকজনের সাথে প্রেম করবে? লোকে কি বলবে? কারণ লোকে তো ‘মেয়েটাকেই’ খারাপ বলবে। যে ভালোবাসে সে কখনোই কষ্ট দেয় না।”
আশনা হাবিব ভাবনা বলেন, “ভালোবাসা শব্দটাই সস্তা হয়ে গেছে। সস্তা হয়ে গেছে আমাদের সব অনুভূতি, সব সম্পর্কের মূল্যবোধ। শুধু আমি আমি এবং আমি। সম্পর্কে যখন আমি কতটা ভালোবাসি, সেটা প্রমাণ দিতে হয়; সেটা আর সম্পর্কই না। আপনি যতই তার জন্যে জান দিয়ে দেন। তার কিছুই আসবে যাবে না। ভালোবাসার চেয়ে এখন ভালো থাকাটা জরুরি হয়ে গেছে, তার চেয়ে জরুরি বেঁচে থাকা।”
আশনা হাবিব ভাবনা মনে করেন, জীবনে একা থাকাই শ্রেয়। তার ভাষায়—“জানি না নিজের জন্যে কীভাবে বাঁচতে হয়! তবে এখন মনে হয়, একা থাকাই শ্রেয়। কারণ আমি মরে গেলে কারও কিছুই হবে না। পরিবারের সবাই একদিন ভুলে যাবে। তাই নিজের সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে বেঁচে থাকার নামই জীবন। সময় বদলায়। আল্লাহ আমাদের জন্যে অবশ্যই ভালো সময় উপহার দেবেন।”
ঢাকা/শান্ত