খামেনির মৃত্যুতে উচ্ছ্বাস করা অভিনেত্রীকে কতটা জানেন?
আয়াতুল্লাহ আলি খামেনি, এলনাজ
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তার মৃত্যুতে লাখ লাখ মানুষ শোক প্রকাশ করলেও ইরানের একাংশ গান বাজিয়ে উল্লাস করেছেন। এ তালিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী এলনাজ নোরোজি।
খামেনির মৃত্যুর খবর পেয়ে এলনাজ তার ইনস্টগ্রাম স্টোরিতে একাধিক পোস্ট দিয়েছেন। প্রথমটিতে দেখা যায়, ইরানের নাগরিকরা রাস্তায় নেমে গান বাজিয়ে উল্লাস করছেন। এ পোস্টে এলনাজ লেখেন, “আমাদের জন্য এটা অসাধারণ খবর। যে খবরের জন্য আমরা ৪৭ বছর ধরে অপেক্ষা করছিলাম; সেটি এসে গেছে। খামেনি মারা গেছেন। সৃষ্টিকর্তা মহান।”
অভিনেত্রী এলনাজ
ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নিয়ে শঙ্কা প্রকাশ করে এলনাজ লেখেন, “এই বিজয়ে আমি খুবই উচ্ছ্বসিত। আমরা খুবই কাছাকাছি রয়েছি, তবে আইআরজিসি খুব সহজে ছেড়ে দেবে না।”
ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা পরের ভিডিওতে ৩৩ বছরের এলনাজকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। খামেনির মৃত্যুতে আনন্দ প্রকাশ করে আরবি ভাষায় গান গাইতে থাকেন এই অভিনেত্রী।
অভিনেত্রী এলনাজ
১৯৯২ সালের ৯ জুলাই ইরানের তেহরানে জন্মগ্রহণ করেন এলনাজ। জন্মের কিছুকাল পরই জার্মানিতে পাড়ি জমায় তার বাবা-মা। এলনাজ জার্মানিরও নাগরিক। মাত্র ১৪ বছর বয়সে মডেলিং ও অভিনয়ে নাম লেখান তিনি। স্কুলে পড়াশোনার পাশাপাশি ছুটির দিনে ফটোশুট করতেন। উনিশ বছর বয়স পর্যন্ত ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ ঘুরে বেড়ান। জার্মানির হ্যানোভারের গোয়েথেশুল থেকে স্নাতক ডিগ্রি নেওয়ার পর এলনাজ ভারতে পাড়ি জমানোর সিদ্ধান্ত নেন।
অভিনেত্রী এলনাজ
২০১৮ সালে পাকিস্তানের উর্দু ভাষার সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে এলনাজের। একই বছর ভারতের পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন। ২০২১ সালে ‘হ্যালো চার্লি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর বেশ কটি হিন্দি, মারাঠি ও তেলেগু ভাষার সিনেমায় অভিনয় করেন। তবে ২০১৮ সালে আলোচিত ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’-এ অভিনয় করে প্রশংসা কুড়ান এই অভিনেত্রী। এলনাজ অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো—‘যুগ যুগ জিও’, ‘তেহরান’, ‘মাস্তি ৪’ প্রভৃতি।
ঢাকা/শান্ত