ঢাকা     সোমবার   ০২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আমি বেঁচে থেকেও যেন বেঁচে নেই: নূতন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ২ মার্চ ২০২৬   আপডেট: ১৫:১৯, ২ মার্চ ২০২৬
আমি বেঁচে থেকেও যেন বেঁচে নেই: নূতন

নূতন

মুক্তিযুদ্ধের প্রথম সিনেমা ‘ওরা ১১ জন’-এর নায়িকা ও ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নূতন। দীর্ঘ ক্যারিয়ারে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। এখন চলচ্চিত্রে নিয়মিত নন। দীর্ঘ ৫২ বছরের চলচ্চিত্রজীবন পেছনে ফেলে আক্ষেপ প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেত্রী নূতন। 

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেন নূতন। বহুদিন পর সহকর্মীদের সঙ্গে দেখা হলেও মনের ভেতরের কষ্ট লুকাতে পারেননি। কেমন আছেন, এমন প্রশ্নে কিছুক্ষণ নীরব থেকে তিনি বলেন, “আমি বেঁচে থাকতেও বেঁচে নেই। কোনো অনুষ্ঠানে দেখা হলে খোঁজখবর নেওয়া হয়, এরপর আর কেউ মনে রাখে না।”

আরো পড়ুন:

গত ডিসেম্বরে মারা যান নূতনের স্বামী, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক রুহুল আমিন বাবুল। স্বামীর অসুস্থতা ও মৃত্যুর সময় ইন্ডাস্ট্রির অনেককেই পাশে পাননি বলে অভিযোগ করেন নূতন। তার কথায়, “উনি এই ইন্ডাস্ট্রির মানুষ ছিলেন। অসুস্থ অবস্থায় খুব কম মানুষ দেখতে গেছেন। জানাজায়ও তেমন কাউকে দেখিনি। এটা আমার সবচেয়ে বড় দুঃখ।”

নূতন আরও প্রশ্ন তোলেন, শিল্পীরা কি শুধু মৃত্যুর পরই স্মরণীয় হন? এমন প্রশ্ন ছুড়ে দিয়ে নূতন বলেন, “আমরা মারা গেলে কাগজে ছবি ছাপা হবে, লেখা হবে ভালো মানুষ ছিলেন। জীবিত থাকতে কেন কেউ লেখে না? কেন আমাদের কথা বলা হয় না?”

শিল্পী, পরিচালক, প্রযোজক সবাই মিলেই ইন্ডাস্ট্রি। যারা অবদান রেখে গেছেন, তাদের জীবিত থাকতেই সম্মান ও ভালোবাসা দেওয়া উচিত বলে মনে করেন এই অভিনেত্রী। 

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়