ঢাকা     সোমবার   ০২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাড়িতে গাঁজা চাষের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ২ মার্চ ২০২৬  
বাড়িতে গাঁজা চাষের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নিজ বাড়িতে গাঁজা চাষের অভিযোগে সিরাজগঞ্জের কাজিপুরে মাহবুবুর রহমান মানিক (৪৫) নামের এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রবিবার (১ মার্চ) রাতে কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণ পাড়ায় ওই শিক্ষকের বাড়িতে অভিযান চালিয়ে গাঁজার গাছ জব্দ করা হয়। 

উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক মাহবুবুর রহমান মানিক চালিতাডাঙ্গা দক্ষিণ পাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি আনোয়ারা আজাদ মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটের সিভিল ও আর্কিটেকচার বিভাগের সিনিয়র ইনস্ট্রাক্টর। 

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ ফুট উচ্চতার গাঁজার গাছ জব্দ করা হয়েছে। গাঁজা চাষের অভিযোগে মানিককে গ্রেপ্তার করা হয়েছে। 

অভিযানে নেতৃত্ব দেন কাজিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। 

তিনি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মানিক মাস্টারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির পেছন থেকে প্রায় ১২ ফুট উচ্চতার প্রায় পাঁচ কেজি ওজনের একটি গাঁজার গাছ জব্দ করা হয়। গাছটি রোপণ করে পরিচর্যার মাধ্যমে বড় করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযানের সময় মাহবুবুর রহমান অপরাধ স্বীকার করেন। পরে কাজিপুর থানায় নিয়মিত মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযানের কাজিপুর থানার তদন্ত কর্মকর্তা আবু সাইদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নজরুল ইসলাম ও পরিদর্শক নিজাম উদ্দিন খান উপস্থিত ছিলেন। 

ঢাকা/অদিত্য/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়