ঢাকা     মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৫ ১৪৩৩ || ১১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অশ্লীল মন্তব্য, ধর্ষণের হুমকি: আইনি পথে রূপাঞ্জনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২০, ২৮ এপ্রিল ২০২৬   আপডেট: ১৭:২৪, ২৮ এপ্রিল ২০২৬
অশ্লীল মন্তব্য, ধর্ষণের হুমকি: আইনি পথে রূপাঞ্জনা

রূপাঞ্জনা মিত্র

বিধানসভা নির্বাচনের আবহে সরগরম পশ্চিমবঙ্গ। এরই মধ্য রাজনৈতিক কারণে ব্যক্তিগতভাবে আক্রমণের শিকার হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। এ নিয়ে কড়া ভাষায় প্রতিবাদও জানান তিনি। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল মন্তব্য, যৌন হেনস্তার অভিযোগে এবার সাইবার ক্রাইম সেলে লিখিত অভিযোগ দায়ের করলেন এই অভিনেত্রী। 

ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, সোমবার (২৭ এপ্রিল) সাইবার ক্রাইম সেলে লিখিত অভিযোগ দায়ের করেছেন রূপাঞ্জনা মিত্র। সোশ্যাল মিডিয়ায় হুমকি, হেনস্তা, মানহানি, সাইবার বুলিংসহ নানা অভিযোগ করেছেন এই অভিনেত্রী। তার প্রত্যাশা, এই ঘটনার সঠিক তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

আরো পড়ুন:

রূপাঞ্জনা মিত্র


গতকাল তৃণমূল কংগ্রেসের নির্বাচনি প্রচারের ফাঁকে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে ক্ষোভ উগরে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন রূপাঞ্জনা। হুঁশিয়ারি উচ্চারণ করে রূপাঞ্জনা বলেন, “সাচ্চা বাঙালিকে ভয় দেখাতে আসবেন না। অভয়ার জন্য রাতদখল করেছিলেন। আরে, আপনারা তো চোখ দিয়ে রেপ করেন। তারপর নির্লজ্জের মতো ধর্ষণ নিয়ে কথা বলেন। নারীর নিরাপত্তা নিয়ে কথা বলেন। অথচ একজন মহিলাকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দিচ্ছেন। পরিষ্কার ভাষায় বলছি, ‘সাহস থাকলে সামনে এসে হুমকি দিন।” 

একসময় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন রূপাঞ্জনা মিত্র। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। রাজনৈতিক দল বদলের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত কটূক্তি, অশ্রাব্য ভাষা ব্যবহার, এমনকি ধর্ষণের হুমকিও পাচ্ছেন বলে অভিযোগ তার। এই আক্রমণ থেকে বাদ যায়নি তার পরিবারও। 

২০১৯ সালে জাতীয় রাজনীতির ময়দানে পা রাখেন রূপাঞ্জনা। ২০২৫ সালে তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে ফের দেখা যায় তাকে। সেই সময় তিনি জানান, মমতা ব্যানার্জির ডাকে পুরোনো দলে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।  

রূপাঞ্জনা মিত্র


টিভি নাটকের মাধ্যমে অভিনয়ে নাম লেখান রূপাঞ্জনা মিত্র। ‘এক আকাশের নিচে’, ‘বেহুলা’, ‘তুমি আসবে বলে’-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন। ২০০৫ সালে ‘দাদার আদেশ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে। এরপর অভিনয় করেন—‘প্যান্থার’, ‘তিন তনয়া’, ‘কাটাকুটি’ প্রভৃতি সিনেমায়। ‘সেই যে হলুদ পাখি’, ‘কালরাত্রি’-এর মতো ওয়েব সিরিজেও অভিনয় করেছেন রূপাঞ্জনা। 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়