ঈদের ছুটিতে স্বাস্থ্য অধিদপ্তরের ১৬ নির্দেশনা
ঈদুল ফিতরের ছুটির সময়ে হাসপাতালগুলোতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১৬ দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
রবিবার (১৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ঈদের দিন হাসপাতালে ভর্তি রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন নিশ্চিত করতে হবে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে তদারকি করতে হবে। একই সঙ্গে তিনি রোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বলেও উল্লেখ করা হয়েছে।
এছাড়া, ঈদে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১৬ দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশনায় জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা, লেবার রুম, ইমারজেন্সি অপারেশন থিয়েটার (ওটি) ও ল্যাব চালু রাখা এবং অ্যাম্বুলেন্স সার্ভিস সচল রাখার কথা বলা হয়েছে।
ছুটিকালীন সময়ে হাসপাতালগুলোতে পর্যাপ্ত জনবল নিশ্চিত করতে ঈদের আগে ও পরে সমন্বয়ের মাধ্যমে পর্যায়ক্রমে ছুটি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় ওষুধ, আইভি ফ্লুইড, কেমিক্যাল রিএজেন্ট ও অন্যান্য চিকিৎসা সামগ্রী মজুদ রাখার কথাও বলা হয়েছে।
নির্দেশনায় আরো বলা হয়েছে, বহিঃবিভাগ একটানা ৭২ ঘণ্টার বেশি বন্ধ রাখা যাবে না। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতেও রেজিস্টার্ড চিকিৎসকের তত্ত্বাবধানে সার্বক্ষণিক জরুরি ও প্রসূতি বিভাগ চালু রাখতে হবে।
যেকোনো দুর্যোগ বা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমকে তাৎক্ষণিকভাবে অবহিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা/এমএসবি/ইভা