ইতালিতে আবারো চিকিৎসক দল পাঠাচ্ছে কিউবা
করোনাভাইরাস মহামারি ঠেকাতে ইতালিতে দ্বিতীয়বার চিকিৎসক দল পাঠাচ্ছে কিউবা। রোববার কিউবান পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটারে এ খবর জানা গেছে।
সোমবার ৩৮ জনের এই দল কিউবা ছাড়ছে। ২১ চিকিৎসক, ১৬ নার্স ও একজন লজিস্টিক কোঅর্ডিনেটরকে নিয়ে দলটি গঠন করা হয়েছে বলে এক বিবৃতিতে জানায় মন্ত্রণালয়।
ইতালিয়ান কর্তৃপক্ষের অনুরোধে দলটি পাঠানো হচ্ছে। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইতালিয়ান রেডক্রসসহ অন্য প্রতিষ্ঠান এ কার্যক্রমে সহযোগিতা করছে। গত ২২ মার্চ কিউবা থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর প্রথম দল যায় ইতালিতে।
ইতালিতে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৩৬৩ জন। আর মৃতের সংখ্যা ১৯ হাজার ৮৯৯।
ঢাকা/ফাহিম
রাইজিংবিডি.কম