ড্রোন হামলায় সৌদি আরবের রিয়াদস্থ মার্কিন দূতাবাসে আগুন
সৌদি আরবের রিয়াদস্থ মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ মার্চ) এই হামলায় দূতাবাসে সীমিত পরিসরে আগুন ধরে যায়। খবর আল-জাজিরার।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, “প্রাথমিক অনুমান অনুযায়ী রিয়াদের মার্কিন দূতাবাসে দুটি ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে, যার ফলে একটি সীমিত অগ্নিকাণ্ড এবং ভবনের সামান্য বস্তুগত ক্ষতি হয়েছে।”
এ ঘটনার পর মার্কিন কর্তৃপক্ষ সৌদি আরবের বেশ কয়েকটি শহরে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছে। দূতাবাসে ড্রোন হামলার পর রিয়াদের দূতাবাস এলাকা এড়িয়ে চলারও নির্দেশ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন দূতাবাস জানায়, “সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশন জেদ্দা, রিয়াদ এবং দাহরানের জন্য ‘শেল্টার ইন প্লেস’ বিজ্ঞপ্তি জারি করেছে এবং অঞ্চলের যেকোনো সামরিক স্থাপনায় অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত করছে। আমরা সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে থাকতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাস এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছি।”
এদিকে রিয়াদে দূতাবাসে হামলার ঘটনায় কঠোর প্রতিশোধ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিউজনেশন-এর সাংবাদিক কেলি মেয়ার জানান, ট্রাম্প তাকে বলেছেন রিয়াদ দূতাবাসে হামলার বিপরীতে আমেরিকার প্রতিক্রিয়া কী হবে তা ‘আপনারা খুব শিগগির জানতে পারবেন।”
মেয়ার আরো জানান, ট্রাম্প বলেছেন তিনি মনে করেন না যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন স্থলবাহিনী পাঠানোর প্রয়োজন হবে। যদিও এর একদিন আগেই তিনি নিউ ইয়র্ক পোস্ট দেওয়া এক সাক্ষাৎকারে স্থলবাহিনী পাঠানোর ইঙ্গিত দিয়েছিলেন।
আর্ন্তজাতিক বার্তা সংস্থা রয়টার্স বলছে, সৌদি কর্তৃপক্ষ মার্কিন দূতাবাসে হামলার খবর নিশ্চিত করার পর রিয়াদের কূটনৈতিক এলাকায় আরও দুটি নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঢাকা/ফিরোজ