মধ্যপ্রাচ্যে যুদ্ধের ১৮তম দিনে যা ঘটছে
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ছেলে ইরফানের কবরের পাশে দাঁড়িয়ে শোকাহত মা মারজিয়া রেজাই
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ বাহিনীর মধ্যকার সংঘাত আজ মঙ্গলবার ১৮তম দিনে পদার্পণ করেছে, যা ক্রমশ একটি তীব্র আঞ্চলিক যুদ্ধে রূপ নিচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ভয়াবহ লড়াইয়ে ইরানের একাধিক প্রধান শহরে বিমান হামলা অব্যাহত রয়েছে। ইরানও চুপ করে বসে নেই; ইসরায়েল ও প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে একের পর এক প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে তেহরান।
যুদ্ধের আঁচ ছড়িয়ে পড়েছে লেবানন ও পারস্য উপসাগরীয় দেশগুলোতেও। মধ্যপ্রাচ্যে চলামান এই যুদ্ধের ১৮তম দিনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আল-জাজিরা। প্রতিবেদন অনুযায়ী-
ইরানে
মঙ্গলবার (১৭ মার্চ) ইরানের রাজধানী তেহরানের পাশাপাশি কারাজ, আরাক, শাহরিয়ার এবং শিরাজ শহরে হামলা হয়েছে। সর্বশেষ তেহরানের উত্তরাঞ্চলে সাদাবাদ প্রাসাদ কমপ্লেক্সের কাছে বিশাল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) তথ্যমতে,আরাক শহরে মার্কিন-ইসরায়েলি হামলায় একটি তিন দিনের নবজাতক এবং তার দুই বছর বয়সী বোন নিহত হয়েছে। ওই হামলায় তাদের মা ও দাদিও প্রাণ হারিয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানের আত্মরক্ষার অধিকারের পক্ষে কথা বলেছেন। তিনি জানান, ইরান এই যুদ্ধ শুরু করেনি এবং কোনো ‘দমনকারীর’ কাছে নতি স্বীকার করবে না।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই হামলায় ইরানে এ পর্যন্ত অন্তত ১ হাজার ৪৪৪ জন নিহত এবং ১৮ হাজার ৫৫১ জন আহত হয়েছেন।
উপসাগরীয় অঞ্চলে
সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ ফুজাইরাহ তেল টার্মিনালে ড্রোন হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আবুধাবিতে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষে পড়ে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাত সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।
কাতার জানিয়েছে, তারা ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। কুয়েত তাদের আকাশসীমায় দুটি ড্রোন ভূপাতিত করেছে এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে হিজবুল্লাহ সংশ্লিষ্ট ১৬ জনকে গ্রেপ্তার করেছে।
সৌদি আরবের জানিয়েছে, তারা দেশের পূর্বাঞ্চলে মোট ১২টি ড্রোন ধ্বংস করেছে। বাহরাইন দাবি করেছে, তারা যুদ্ধ শুরুর পর থেকে ১২৯টি ক্ষেপণাস্ত্র ও ২২১টি ড্রোন ধ্বংস করেছে।
ইসরায়েলে
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানিদের আসন্ন নওরোজ (পার্সিয়ান নববর্ষ) উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের নাহারিয়া শহরে হামলা চালিয়েছে, এতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া জেরুজালেমের আল-আকসা মসজিদ ও হলি সেপালকার চার্চের কাছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেছেন, উত্তর ইসরায়েল নিরাপদ না হওয়া পর্যন্ত বাস্তুচ্যুত লেবাননিদের ফিরতে দেওয়া হবে না।
যুক্তরাষ্ট্রে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি সচল করতে যুক্তরাজ্য ও ফ্রান্সের ওপর চাপ সৃষ্টি করেছেন। তিনি ইরানকে একটি ‘কাগুজে বাঘ’ হিসেবে অভিহিত করেছেন।
সংঘাতের কারণে ট্রাম্প তার পূর্বনির্ধারিত চীন সফর এক মাস পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
লেবানন ও ইরাকে
ইসরায়েল লেবাননে ‘সীমিত স্থল অভিযান’ শুরু করার পর হিজবুল্লাহর সঙ্গে সীমান্ত শহরগুলোতে তীব্র সংঘর্ষ চলছে। লেবাননে প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ ইসরায়েলের লেবানন অভিযানকে একটি ‘ভুল’ হিসেবে অভিহিত করেছেন।
ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের সি-র্যাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মঙ্গলবার ভোরে অন্তত দুটি ড্রোন ভূপাতিত করে, তবে একটি ড্রোন দূতাবাস প্রাঙ্গণের ভেতরে আঘাত হেনেছে। এর পরপরই জাদরিয়াহ জেলায় ইরান-সমর্থিত একটি গোষ্ঠীর ওপর মার্কিন বাহিনীর প্রাণঘাতী হামলায় চারজন নিহত হয়েছেন।
ঢাকা/ফিরোজ