ইরানের বিপ্লবী বাহিনীর মুখপাত্র নিহত
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়েনি
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়েনি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের এক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা ‘তাসনিম’ তাদের টেলিগ্রাম ও এক্স অ্যাকাউন্টে জানায়, শুক্রবার (২০ মার্চ) ভোরে নায়েনি নিহত হন।
কিছুক্ষণ আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র জেনারেল নায়েনির শহীদ হওয়ার খবর ঘোষণা করেছে। খবর আল-জাজিরার।
৬৮ বছর বয়সী নায়েনি ছিলেন আইআরজিসির সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল। ২০২৪ সালে তিনি মুখপাত্র হিসেবে নিযুক্ত হয়েছিলেন।
নিহত হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে জাতীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছিলেন, “যুদ্ধকালীন সময়েও আমাদের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে।”
আল-জাজিরার খবর অনুযায়ী, মধ্যরাত থেকে ইরানের রাজধানী তেহরানের পূর্ব দিকে বেশ কয়েক দফায় তীব্র হামলা চালানো হয়েছে।
তেহরানের পশ্চিমে অবস্থিত কারাজ শহরেও হামলা হয়েছে, সেখানে প্রচুর সামরিক স্থাপনা রয়েছে। কারাজ ও তেহরান প্রায় প্রতিদিনই হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।
ইরানের দক্ষিণের কেরমান ও হরমুজগান প্রদেশের বন্দর লেঙ্গেহ-তেও মার্কিন-ইসরায়েলি বাহিনী বোমাবর্ষণ করেছে।
পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান তাদের অভিযানের ৬৬তম ধাপের ঘোষণা দিয়েছে, যার লক্ষ্যবস্তু হলো উত্তর ও পশ্চিম জেরুজালেম, হাইফা, তেল আবিব এবং এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো।
ঢাকা/ফিরোজ