পদত্যাগের গুঞ্জনের জবাবে আইজিপি বললেন, ‘এটি সঠিক নয়’
|| রাইজিংবিডি.কম
পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম তার পদত্যাগ নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, তা সরাসরি নাকচ করে দিয়ে বলেছেন, “এটি সঠিক নয়।”
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পদত্যাগের গুঞ্জনের বিষয়টি জানতে চাইলে দ্ব্যর্থহীন ভাষায় তিনি না-সূচক জবাব দেন।
তিনি বলেন, “পদত্যাগের বিষয়টি গুঞ্জন, আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি।”
আইজিপির পদত্যাগের গুঞ্জনের বিষয়ে এদিন রাত সাড়ে ৯টার দিকে একটি বার্তা আসে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগ থেকে।
বার্তায় বলা হয়, “আইজিপির পদত্যাগসংক্রান্ত সংবাদটি সঠিক নয়। এ ধরনের বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।”
তবে এদিন পুলিশ সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে এক অভ্যন্তরীণ বৈঠকে আইজিপি পদত্যাগের ‘ইচ্ছা প্রকাশ’ করেছিলেন বলে এক কর্মকর্তা দাবি করেন।
ওই কর্মকর্তা বলেন, “মিটিংয়ে স্যার বলেছেন, আমি আর থাকব না। থাকতে ইচ্ছা করছে না, চলে যাব।”
এই গুঞ্জনের আরেকটি উৎস হয়ে ওঠে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় একটি পূর্বনির্ধারিত বৈঠকে আইজিপির অংশ নেওয়ার ঘটনা। যদিও সেখানে উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তাকে আইজিপির দায়িত্ব পালন করে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।
বেশ কিছু দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, আইজিপি তার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বা পদত্যাগপত্র জমা দিয়েছেন। বর্তমান অস্থির সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের অভ্যন্তরীণ সংস্কার নিয়ে আলোচনার মধ্যে এ ধরনের গুজব ডালপালা মেলেছিল।
জুলাই গণঅভ্যুত্থানের পর বিশৃঙ্খল পরিস্থিতিতে ২০২৪ সালের ২০ নভেম্বর বাহারুল আলমকে আইজিপি হিসেবে যুক্তিভিত্তিক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে জন-আক্রোশের শিকার হয় পুলিশ বাহিনী। সারা দেশে অনেক থানায় আগুন দেওয়া, ভাঙচুর করা হয়। লুট হয় থানার অস্ত্র। ৫ আগস্ট ও ৬ আগস্ট বিভিন্ন এলাকায় পিটিয়ে মারা হয় পুলিশ কর্মকর্তাদের। স্থবির হয়ে পড়া পুলিশ বাহিনীর দুঃসময়ে হাল ধরেন বাহারুল আলম। মনোবল ভেঙে পড়া পুলিশকে ধীরে ধীরে গুছিয়ে নিয়ে তাদের দিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার কিছুটা কৃতিত্ব আইজিপি বাহারুলের প্রাপ্য- একথা বলাই যায়।
গত দেড় বছরে ঢাকাসহ সারা দেশে হাজরো বিক্ষোভ-প্রতিবাদ মোকাবিলা করতে হয়েছে পুলিশ বাহিনীকে। সব মিলে হতাশায় ঢাকা পড়া বাহিনীটিকে মানুষের সেবায় আনতে নানাবিধি প্রচেষ্টার মধ্যে বাহিনীপ্রধান হিসেবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আইজিপি বাহারুল আলম।
ঢাকা/এমআর/রাসেল