গণনা চলছে, ঝুঁকি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারা
ভোট গণনা শুরু। ছবি: রাইজিংবিডি
নির্বাচনের ভোটগ্রহণ শেষে সারা দেশে শুরু হয়েছে ভোট গণনা। ফলাফল ঘোষণার আগ মুহূর্তে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হয়। প্রতিটি কেন্দ্রেই সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসারের সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। কোথাও কোথাও মোবাইল টহলও জোরদার করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ভোট গণনার সময়ই সবচেয়ে বেশি ঝুঁকি থাকে। ফলাফলকে কেন্দ্র করে প্রার্থী সমর্থকদের উত্তেজনা, হঠাৎ সংঘর্ষ বা বিশৃঙ্খলার আশঙ্কা থাকে বলেই এই সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
ঢাকার একটি ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা একজন সেনা কর্মকর্তা বলেন, “ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এখন গণনার সময় কোনো ঝুঁকি যেন না থাকে, সেজন্য আমরা সর্বোচ্চ সতর্কতায় আছি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।”
একই কথা জানিয়েছেন রাজধানীর টিকাটুলিতে দায়িত্ব পালনকারী পুলিশের কর্মকর্তা সায়দুর। তিনি বলেন, “গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী থাকবে। কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য।”
এদিকে, নির্বাচন কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ইসি কর্মকর্তারা বলেন, সুষ্ঠু ও স্বচ্ছভাবে ভোট গণনা শেষে দ্রুত ফল প্রকাশ করা হবে।
ঢাকা/এএএম/এসবি