ঢাকা     বুধবার   ০৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৯ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আটকে পড়া বাংলা‌দে‌শি‌দের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট 

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ৪ মার্চ ২০২৬  
আটকে পড়া বাংলা‌দে‌শি‌দের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট 

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ঢাকা–দুবাই–ঢাকা রুটে দু’টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।

বুধবার (৪ মার্চ) ইউএস বাংলা এয়ারলাইন্স এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে এতথ‌্য জা‌নি‌য়ে‌ছে। 

এতে বলা হয়,  প্রথম ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

আগামীকাল বৃহস্পতিবার, অপর বিশেষ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকাল ৫টা ১৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

ঢাকা–দুবাই ফ্লাইট নম্বর: বিএস-৩৪১ এবং দুবাই-ঢাকা ফ্লাইট নম্বর বিএস-৩৪২।

দুবাই এয়ারপোর্ট অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স, এমিরেটস, এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। 

যেসব বাংলাদেশি যাত্রীদের ভিসার মেয়াদ এরইমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে।

টিককিট বুকিং সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যেকোনো সেলস সেন্টার অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। বিস্তারিত তথ্য জানা যাবে ১৩৬০৫ ও ০১৭৭৭৭৭৭৮০০–৮০৬ নম্বরে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়