‘চলেন যুদ্ধে যাই’, বাড়ির দরজা খুলে বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ফটো
আজ রবিবার (৮ মার্চ), সপ্তাহের প্রথম কার্যদিবস। অন্য দিনের মতোই আরেকটি কর্মব্যস্ত দিনের সূচনা করতে সকালে বাড়ি থেকে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে, আজ তার একটি মন্তব্যে নিয়মিত দৃশ্যপটে একটু ভিন্নতা দেখা গেল। বাড়ির দরজা খুলে উপস্থিত সবার উদ্দেশে মুচকি হেসে তিনি বললেন, “চলেন, যুদ্ধে যাই।”
প্রধানমন্ত্রী তারেক রহমান যখন তিন শব্দের এই বাক্যটি বলেন, তখন সেখানে উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তারা কিছুটা হতচকিত হয়ে পড়েন। পরক্ষণেই অবশ্য সবার বুঝতে বাকি থাকে না যে, তিনি দেশ পরিচালনার কাজকেই ‘যুদ্ধ’ হিসেবে বোঝাতে চেয়েছেন। সংক্ষিপ্ত এই চমকপ্রদ বাক্যে দেশ গঠনে প্রতিদিনের সংগ্রামের কথাই তুলে ধরেছেন তারেক রহমান।
প্রধানমন্ত্রী যখন এ কথা বলেন, তখন প্রতিদিনের মতোই তার পাশে ছিলেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, সকাল ৮টা ৪২ মিনিটে রাজধানীর গুলশানের বাসা থেকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রীর বাসা থেকে বের হওয়ার আগে তার ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারা প্রতিদিনের মতো প্রস্তুত থাকেন। তারা একইভাবে প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন। ঠিক তখনই দরজা খুলে স্বভাবসুলভ হাস্যোজ্জ্বল মুখে সবার উদ্দেশ্যে তিনি বলেন, “চলেন, যুদ্ধে যাই।”
আতিকুর রহমান রুমন আরো জানান, সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে প্রবেশ করেন। আজও তার সারাদিনজুড়ে বেশ কয়েকটি বৈঠক রয়েছে। আজকের কর্মসূচির মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক রয়েছে। এছাড়াও আরো কয়েকটি বৈঠকে অংশ নেবেন তিনি।
ঢাকা/আলী/মাসুদ