ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সংসদে সাউন্ড সিস্টেমে ত্রুটি, ২০ মিনিট বিরতির পর অধিবেশন শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ১২ মার্চ ২০২৬   আপডেট: ১৫:০০, ১২ মার্চ ২০২৬
সংসদে সাউন্ড সিস্টেমে ত্রুটি, ২০ মিনিট বিরতির পর অধিবেশন শুরু

ফাইল ফটো

জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের মাইক্রোফোনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় অধিবেশন সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ২০ মিনিটের বিরতি ঘোষণা করেন। বিরতি শেষে আবারো অধিবেশন শুরু হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত হয়ে শপথ নেওয়ার পর হাফিজ উদ্দিন আহমেদ প্রথমবারের মতো অধিবেশনে সভাপতিত্ব করতে আসেন। অধিবেশন শুরুর কিছুক্ষণের মধ্যেই তার মাইক্রোফোনে সমস্যা দেখা দেয়। ফলে বক্তব্য দিতে গিয়ে শব্দ বিভ্রাট ও সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে। সংসদ সচিবালয়ের কারিগরি দল দ্রুত সমস্যাটি সমাধানের চেষ্টা শুরু করলেও তাৎক্ষণিকভাবে মাইকের ত্রুটি ঠিক করা সম্ভব হয়নি।

আরো পড়ুন:

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “এই মহান সংসদের স্পিকার নির্বাচিত করার জন্য আমি সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বর্তমানে একটি যান্ত্রিক গোলযোগের কারণে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। মূল মাইকটি অকেজো থাকায় আমি হ্যান্ড মাইকে কথা বলছি। আশা করি, খুব দ্রুতই এটি ঠিক হয়ে যাবে। আপনারা একটু ধৈর্য ধরুন।”

তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর পর দেশ একটি কার্যকর সংসদ পেয়েছে। এই সংসদে গণতান্ত্রিক আলোচনা হবে বলেই প্রত্যাশা করা হচ্ছে। তবে, শুরুতেই এমন প্রযুক্তিগত সমস্যায় কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে।”

স্পিকার জানান, প্রকৌশলীরা তাকে জানিয়েছেন দুই মিনিটের মধ্যেই ত্রুটি ঠিক হয়ে যেতে পারে। তবে, ঠিক সেই সময় যোহরের আজান শুরু হওয়ায় নামাজের সুবিধার্থে তিনি অধিবেশন ২০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করেন।

ঢাকা/এএএম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়