বিএনপি নেতা এ্যানি রিমান্ড শেষে কারাগারে
ছবি: সংগৃহীত
পুলিশের দায়িত্ব পালনে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ধানমন্ডি মডেল থানার মামলায় চার দিনের রিমান্ড শেষে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার (১৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত এ্যানিকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
গত ১০ তারিখ দিবাগত রাত দুইটার সময় এ্যানিকে তার ধানমন্ডির বাসা থেকে আটক করে রাজধানীর ধানমন্ডি মডেল থানা পুলিশ। এরপর ১১ অক্টোবর তাকে আদালতে হাজির করা হয়। ধানমন্ডি মডেল থানার করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক শাহিদী হাসান।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৩ মে ধানমন্ডি সিটি কলেজের সামনে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের ১০-১৫ হাজার নেতাকর্মী পদযাত্রা শেষে ফিরে যাওয়ার সময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোটা, ইটপাটকেল ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের কাজে বাধা দেয়। এ ছাড়া, পুলিশের ওপর আক্রমণ, সরকারকে উৎখাত ও জনসাধারণের জানমালের ক্ষতিসাধন, গণপরিবহন ভাঙচুর করে ত্রাস সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ড শুরু করে বিএনপি নেতাকর্মীরা।
মামলায় আরও বলা হয়, সে সময় পুলিশ বাধা দিলে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীরা। যাতে পুলিশ কর্মকর্তাসহ একাধিক ফোর্স গুরুতর আহত হন। এরপর সরকারি সম্পত্তি এবং জনসাধারণের জানমালের নিরাপত্তার জন্য বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য আসামিদের ধাওয়া করলে তারা ঘটনাস্থল থেকে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় একটি মামলা দায়ের করে।
মেয়া/এনএইচ