ঢাকা     শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপির ইশতেহার: ‘সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ৬ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৬:১৪, ৬ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির ইশতেহার: ‘সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠনের ঘোষণা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের ইশতেহার ঘোষণা করেন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত ও সাংবাদিকদের সুরক্ষায় একগুচ্ছ সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলটির নির্বাচনি ইশতেহারে ডিজিটাল নিরাপত্তা আইন পুনঃনিরীক্ষণ, সাংবাদিক নির্যাতন রোধে বিশেষ সেল গঠন এবং ‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার পেয়েছে।

আরো পড়ুন:

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের ইশতেহার ঘোষণা করেন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

বিএনপির নীতি-নির্ধারণী পর্যায় থেকে জানা গেছে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকে শক্তিশালী করতে এবং নির্ভীক সাংবাদিকতার পরিবেশ ফিরিয়ে আনতে এসব প্রতিশ্রুতি রাখা হয়েছে ইশতেহারে।

পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তা
ইশতেহারে বলা হয়েছে, বিএনপি নির্ভীক ও পক্ষপাতহীন সাংবাদিকতাকে সম্মান করে। সাংবাদিকদের কাজের সুরক্ষা ও স্বীকৃতি প্রদানে দলটি বদ্ধপরিকর। বস্তুনিষ্ঠ সমালোচনাকে স্বাগত জানিয়ে রাষ্ট্র সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা নিশ্চিত করবে।

গণমাধ্যম, গণমাধ্যমকর্মী এবং গণমাধ্যম অফিসের ওপর যেকোনো ধরনের আক্রমণ ও আগ্রাসন কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা আছে এতে।

ডিজিটাল নিরাপত্তা আইন ও আইনি সুরক্ষা
আইনি জটিলতা ও হয়রানি বন্ধে বিতর্কিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ পুনঃনিরীক্ষণের প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। এছাড়া রাজনৈতিক উদ্দেশ্যে সাংবাদিকদের বিরুদ্ধে রুজুকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিতে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং নির্যাতন রোধে একটি ‘বিশেষ সেল’ গঠন করা হবে।

স্বাধীন রেগুলেটরি কাঠামো ও গুজব রোধ
মতপ্রকাশের স্বাধীনতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে একটি স্বাধীন, শক্তিশালী ও জবাবদিহিমূলক ‘মিডিয়া রেগুলেটরি কাঠামো’ গড়ে তোলার কথা বলা হয়েছে। ফ্যাক্ট চেকিং সংস্থার সঙ্গে সমন্বয় করে গুজব, ভুয়া খবর, ঘৃণামূলক বক্তব্য ও অপপ্রচার রোধ করা হবে। শিশু, নারী ও সংখ্যালঘুদের সুরক্ষা এবং গণমাধ্যমে নৈতিকতা বজায় রাখতে নাগরিকদের অনলাইনে অভিযোগ দাখিলের সুযোগ এবং ৩০ দিনের মধ্যে তা নিষ্পত্তির বিধান রাখা হবে।

সাংবাদিক কল্যাণ ও বিজ্ঞাপন নীতি
সাংবাদিকদের ভবিষ্যৎ জীবনের নিরাপত্তা নিশ্চিতে ‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠনের ঘোষণা থাকছে ইশতেহারে। এর মাধ্যমে নানামুখী কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এছাড়া সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপন বরাদ্দে দীর্ঘদিনের রাজনৈতিক পক্ষপাতের অবসান ঘটানোর সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে বিএনপি।

ঢাকা/আলী/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়