ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রুটের চোখে স্টোকস ‘মি. ইনক্রেডিবল’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৫০, ২১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রুটের চোখে স্টোকস ‘মি. ইনক্রেডিবল’

‘অবিশ্বাস্য!’, বেন স্টোকসকে ব্যাখ্যা করতে গিয়ে এভাবেই বললেন ইংলিশ অধিনায়ক জো রুট। অবশ্য এটি না বলে যে, কোনো উপায়ও নেই। ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশদের জয় ছিনিয়ে নিতে কি না করলেন স্টোকস। ব্যাট-বল হাতে দ্যুতি তো ছড়িয়েছেন। ফিল্ডিংয়েও নিজেকে উজাড় করে দিয়েছেন এই ক্রিকেটার।

ক্যারিয়ারে প্রথমবারের মতো তিনশোর বেশি বল খেললেন টেস্টের এক ইনিংসে। ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম ইনিংসে ডম সিবলিকে নিয়ে বিশাল জুটি গড়েছেন। ১৭৬ রান করে ইংল্যান্ডকে ৪৬৯ রানের বিশাল সংগ্রহ এনে দিলেন। তবে বৃষ্টি বাধায় টেস্টের একদিন নষ্ট হয়ে যাওয়ায় ইংল্যান্ডের জয়ের আশা ফিকে হয়ে ওঠে।

তাই টেস্টের শেষ দিন করতে হতো অসাধারণ কিছু। আর তখনই আবার দৃশ্যপটে স্টোকস। প্রথম ইনিংসে যতটা ধীরে খেললেন, দ্বিতীয় ইনিংসে ততটাই ঝড় তুললেন ব্যাট হাতে। ৫৭ বলে ৪ চার এবং ৩ ছয়ে অপরাজিত ৭৮ রান। জয়ের জন্য ইংল্যান্ডের মঞ্চ প্রায় প্রস্তুত করে রেখেছিলেন।

কিন্তু বাধ সাধলেন দুই উইন্ডিজ ব্যাটসম্যান জার্মেইন ব্ল্যাকউড এবং শামারাহ ব্রুকস। মাঠে জমাট জুটিতে ম্যাচ প্রায় বের করে নিচ্ছিলেন। যথারীতি অধিনায়ক রুটের আশ্রয় স্টোকস। তিনি যেন দু’হাত ভরে দলকে দিতে প্রস্তুত। আর তাই এবার বল হাতে দলকে এনে দিলেন কাঙ্খিত ব্রেক থ্রু। দারুণ ফিল্ডিংয়ে দলের মনোবলও করলেন চাঙা। ম্যাচসেরা স্টোকসকে নিয়ে তাই সংবাদ সম্মেলনে অধিনায়কের কাছে প্রশ্ন আসে অবধারিত।

সেখানে রুটের কাছে জানতে চাওয়া হয়, ক্রিস ওকসকে আপনার চোখে মি ডিফেন্ডেবল মনে হয়, যদি বলি স্টোকসের বিষয়ে বলতে, তাকে কীভাবে ব্যাখ্যা করবেন? এর উত্তরে অধিনায়ক রুট বলেন, ‘আমার মনে হয় সে ‘মি. ইনক্রেডিবল।’’

স্টোকসের কাছ থেকে নিয়মিত এমন পারফরম্যান্সের আশা করেন অধিনায়ক রুট। তিনি বলেন, ‘আমি নিশ্চিত, এই পর্যায়ের পারফরম্যান্স সে নিয়মিতই করে যেতে পারে। সত্যি বলতে, ওর সামর্থ্যের সীমানা ছুঁতে পারে আকাশ। সে যেভাবে নিজেকে এগিয়ে নিচ্ছে, এমন পারফরম্যান্স নিয়মিত না করতে পারার কারণ নেই।’

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে স্টোকস যা করলেন; রুট মনে করেন স্টোকস নিজেকে ছাড়িয়ে যাওয়ার সামর্থ্য রাখেন। ইংলিশ এই অধিনায়ক স্টোকসকে নিয়ে আরও যোগ করেন, ‘ওল্ড ট্র্যাফোর্ডে স্টোকসের যে পরিপূর্ণ পারফরম্যান্স দেখানো এবং বিভিন্ন পরিস্থিতির দাবি মেটানো, এসব আসলে তার নিজেকে ছাড়িয়ে যাওয়ার সামর্থ্যকেই আরও বাড়িয়ে তোলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যদি এভাবেই সব পরিস্থিতি পড়তে পারে এবং এই আত্মবিশ্বাস ধরে রাখতে পারে, তাহলে এই সপ্তাহে যা করেছে ও গত ১২ মাস ধরেই যা করে আসছে, এমন অসাধারণ পারফরম্যান্স ধরে রাখতে না পারার কারণ নেই।’

 

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়