চাহালকে ১৬ তলার বারান্দায় ঝোলানো ক্রিকেটার ছিলেন ফ্রাঙ্কলিন!
সম্প্রতি রাজস্থান রয়্যালসের টুইটারে শেয়ার করা এক ভিডিওতে যুজবেন্দ্র চাহাল জানিয়েছেন, ২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় দলের এক মাতাল ক্রিকেটার তাকে বাইরে নিয়ে গিয়ে ১৬ তলার বারান্দা থেকে ঝুলিয়েছিলেন।
সোমবার জানা গেছে সেই ক্রিকেটার ছিলেন জেমস ফ্রাঙ্কলিন। বর্তমানে যিনি কাউন্টি ক্রিকেট ক্লাব ডারহামের কোচ। এদিন ডারহাম জানিয়েছে তারা তাদের কোচের সঙ্গে চাহালকে শারীরিকভাবে হেনস্থা করার বিষয়ে কথা বলবে।
এক বিজ্ঞপ্তিতে ডারহাম ক্রিকেট ক্লাব জানিয়েছে, সম্প্রতি আমরা জানতে পেরেছি ২০১১ সালের একটি ঘটনার বিষয়ে। আমরা এও জানতে পেরেছি ওই ঘটনার সঙ্গে আমাদের দলের একজন স্টাফ জড়িত। যেহেতু বিষয়টি আমাদের কর্মীদের সঙ্গে জড়িত, তাই এই ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলবে ক্লাব।’
অবশ্য ডারহাম ২০১৩ সালে চাহালকে ঝোলানোর বিষয়ে নয়, ২০১১ সালে তাকে শারীরিকভাবে হেনস্থা করার ব্যাপারে কথা বলবে।
চাহাল এর আগে জানিয়েছিলেন যে, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা ফ্রাঙ্কলিন ও অ্যান্ড্রু সাইমন্ডস তার হাত-পা বেঁধেছিলেন। এরপর টেপ দিয়ে মুখও আটকে দেন। সেই অবস্থায় তাকে সারারাত রুমে ফেলে রেখে তারা পার্টি করেন। সকালে তাকে হোটেলের কর্মীরা উদ্ধার করে। ওই ঘটনার জন্য ফ্রাঙ্কলিন ও সাইমন্ডস তার কাছে ক্ষমা পর্যন্ত চাননি।
সম্প্রতি তিনি জানিয়েছেন, ২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা এক মাতাল ক্রিকেটার তাকে বাইরে নিয়ে গিয়ে ১৬ তলার বারান্দা থেকে ঝুলিয়েছিলেন। সেখান থেকে পরে গেলে তার জীবননাশের শঙ্কা ছিল।
নিউ জিল্যান্ডের সাবেক ক্রিকেটার জেমস ফ্রাঙ্কলিন ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ২৫ ম্যাচ খেলেছিলেন। ২০১৩ সালে ফ্রাঙ্কলিনই ছোটখাটো চাহালকে ১৬ তলার বারান্দা দিয়ে বাইরে ঝুলিয়েছিলেন।
ঢাকা/আমিনুল