‘ও প্রচণ্ড ইমোশনাল, মনে হয় ফিরবে না’ -তামিমের সেই কোচ
সাইফুল ইসলাম রিয়াদ, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম
‘এম এ আজিজ স্টেডিয়ামে তপন দা নামে একজন কোচ আছেন, যিনি ছোটবেলা থেকে (কান্না…) তার কাছে ছোটবেলা থেকে অনুশীলন করেছি। তাকে ধন্যবাদ জানাই’ -অবসরের ঘোষণার সময় ছোট বেলার কোচ তপন দত্তকে ধন্যবাদ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তামিম ইকবাল।
কে এই তপন? নব্বইয়ের দশকে তামিমের বাবা ছেলেকে নিয়ে আসতেন নিজের ক্রিকেট একাডেমিতে। সেই চট্টগ্রাম জুনিয়র ক্রিকেট একাডেমিতে ক্রিকেট কোচ হিসেবে ছিলেন তপন। এখনো আছেন কোচ হিসেবে। শুরু থেকে তপনের হাতে হাতেখড়ি তামিমের। ক্রিকেটার হওয়ার জন্য যা যা করা প্রয়োজন সবই করেছেন। শিখিয়েছেন হাতে-কলমে।
তামিমের অবসরের বিষয়ে তপনের কি প্রতিক্রিয়া? রাইজিংবিডিকে মুঠোফোনে তপন বলেন, ‘তামিম যখন ইন্টারভিউ দিচ্ছিল তখন একজন এসে বললো, দাদা তামিম ইন্টারভিউ দিচ্ছে। আমি বললাম, এটাতো নরমাল। পরে বলে না, এটা নরমাল না, অবসর নিচ্ছে। আমি শুনে দ্রুত যাই, একটু দেখেছি, কান্না করতে দেখে আমি সহ্য করতে পারিনি। চলে এসেছি আমি।’
শিষ্যের কান্না দেখে হতভম্ব গুরু ফিরে চলে আসেন। যেন কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না। তখন তার মনে পড়ে যায় ছোট বেলার সেই ইমোশনাল তামিমের কথা ‘ও এটা কিভাবে করলো আমি ভাবতে পারছি না। সবকিছু গোছানো ছিল। দারুণ একটা স্কোয়াড। কিছুদিন পর বিশ্বকাপ। আরও এক-দুই বছর খেলতে পারতো।’
‘৯৬-৯৭ এর সময় থেকে ওর বাবা একাডেমিতে নিয়ে আসতো। তখন থেকে তার সঙ্গে আমার কাজ করা শুরু। ক্রিকেটার হওয়ার জন্য যে ডেডিকেশন প্রয়োজন সবকিছু তার মধ্যে ছিল। এ জন্য সে এই পর্যন্ত আসছে। সে খুব ইমোশনাল ছিল। কেউ ওর সঙ্গে রাগ করলেও কান্না-কাটি করতো।’
তপনের আফসোস, সবকিছুই গোছানো ছিল। অনায়াসে আরও এক-দু বছর খেলতে পারতো। সামনে আছে বিশ্বকাপ। এমন কিছু তাকে কোনোদিন বুঝতেও দেন নাই তামিম, ‘আমাকে কোনোদিন কিছু বুঝতে দেয় নাই, বলে নাই। সবশেষ আয়ারল্যান্ড সিরিজের আগে তার সঙ্গে কথা হয়েছিল। এরপর আর হয়নি।’
কিছুদিন ধরে তপন অসুস্থ। রাইজিংবিডির সঙ্গে যখন কথা হচ্ছিল তখন তিনি হাসপাতালের পথে। সংবাদ সম্মেলনের পর এখন পর্যন্ত তামিমের সঙ্গে কোনো যোগাযোগের চেষ্টা করেননি তপন। জানেন তার আবেগি শিষ্য ফোন ধরবে না। কথা হলেই তাকে পরামর্শ দেবেন খেলায় ফেরার।
‘আমি এখন আর তাকে ফোন দেব না। এক সপ্তাহপর। আমি পরামর্শ দেব দর্শক, বিসিবিসহ দেশের মানুষরা যদি চায় তুমি খেলায় ফেরো। তোমার এখনো ভবিষ্যতে আছে।’
কিন্তু তপন নিশ্চিত না যে তার কথা শিষ্য তামিম রাখবে। এখানেও আসলো সেই আবেগ। ‘তবে আমার মনে হয় না সে আমার কথা রাখবে। সে ফিরবে না মনে হয়। সে প্রচণ্ড ইমোশনাল। যেটা একবার করে সেটা থেকে তাকে ফেরানো খুব কষ্টকর। তবুও দেখবো কী বলে। তবে আমি সম্ভাবনা দেখছি না।’
ঢাকা/আমিনুল