ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চোকার্স দক্ষিণ আফ্রিকা এবার বিশ্ব চ্যাম্পিয়ন

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ১৪ জুন ২০২৫   আপডেট: ১৮:৫৬, ১৪ জুন ২০২৫
চোকার্স দক্ষিণ আফ্রিকা এবার বিশ্ব চ্যাম্পিয়ন

দীর্ঘদিনের কান্না যেন থেমে গেছে আজ লর্ডসের আকাশে। বহু যন্ত্রণার পর যেন দেখা মিলেছে বিজয়ের রৌদ্রোজ্জ্বল সকালের। দক্ষিণ আফ্রিকা, যাদের নাম উচ্চারণ করলেই ভেসে উঠতো ‘চোকার্স’ শব্দটি, অবশেষে তারা ইতিহাসের পাতায় নতুন এক পরিচয়ে উদ্ভাসিত হলো— চ্যাম্পিয়ন নামে।

যারা একের পর এক সেমিফাইনালে হেঁটেছে মাথা নিচু করে, যারা ৯ বার আইসিসির বড় মঞ্চে হতাশার গল্প লিখেছে, তারা এবার লিখলো রূপকথার নতুন অধ্যায়। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হারার পর যারা আরও একবার কান্নায় ভেসেছিল, সেই তারাই আজ শনিবার (১৪ জুন) সবচেয়ে বেশি ট্রফিজয়ী অস্ট্রেলিয়ার কাছ থেকে ছিনিয়ে নিলো ‘ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের’ মুকুট, ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে। এটাই দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো আইসিসির মেজর শিরোপা। যা বহুপ্রতীক্ষিত স্বপ্নের বাস্তবায়ন।

আরো পড়ুন:

লর্ডসের সবুজ মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তবে কাগিসো রাবাদা ও মার্কো জানসেনের বল যেন বয়ে আনছিল বজ্রপাত। রাবাদার আগুনঝরা স্পেল আর জানসেনের ধারালো সুইংয়ে ৫৬.৪ ওভারে গুটিয়ে যায় অজিদের ইনিংস, স্কোরবোর্ডে মাত্র ২১২ রান।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাও জর্জরিত হয় প্যাট কামিন্স নামক এক গতির ঝড়ে। তার ৬ উইকেটের ঝলকে প্রোটিয়ারা অলআউট হয় মাত্র ১৩৮ রানে। প্রথম ইনিংসে ৭৪ রানের লিড নিয়ে যখন অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে নামে তখনও কপালে যেন লেখা ছিল প্রোটিয়াদের আরও এক ট্র্যাজেডি। কিন্তু এবার গল্পটা ছিল ভিন্ন।

অজিদের দ্বিতীয় ইনিংসে দাপট দেখায় রাবাদা-লুঙ্গি এনগিদি জুটি। তাতে ৬৫ ওভারে ২০৭ রানে থেমে যায় তাদের ইনিংস। প্রোটিয়াদের সামনে দাঁড়ায় ২৮২ রানের কঠিন লক্ষ্যমাত্রা। ইতিহাস লিখতে হলে পাড়ি দিতে হবে এই পাহাড়।

আর সেই পথচলায় নায়ক হয়ে উঠলেন দুই ব্যাটসম্যান এইডেন মার্করাম এবং টেম্বা বাভুমা। মার্করামের রাজকীয় সেঞ্চুরি (১৩৬) এবং বাভুমার লড়াকু ৬৬ রানের ইনিংসে ভর করেই দক্ষিণ আফ্রিকা ছুঁয়ে ফেলে বিজয়ের কেতন।

কোনো হঠাৎ ঝড় নয়, এটি ছিল দীর্ঘ প্রতীক্ষার ফল। এটি ছিল চোখের জলে গড়া সাহসিকতার গল্প। আর সে গল্পে আজ প্রোটিয়ারা ‘চোকার্স’ নয়, ক্রিকেটের ইতিহাসে চ্যাম্পিয়নের প্রথম স্বাক্ষর রেখে গেল।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়