ঢাকা     শুক্রবার   ০৮ মে ২০২৬ ||  বৈশাখ ২৫ ১৪৩৩ || ২০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বড় পরিবর্তন পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে: বাবর-রিজওয়ান নামলেন ক্যাটাগরি ‘বি’-তে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ১৯ আগস্ট ২০২৫   আপডেট: ১৫:০৫, ১৯ আগস্ট ২০২৫
বড় পরিবর্তন পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে: বাবর-রিজওয়ান নামলেন ক্যাটাগরি ‘বি’-তে

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ২০২৫-২৬ মৌসুমের জন্য। এবার তালিকায় বেশ কিছু বড় পরিবর্তন দেখা গেছে। সবচেয়ে আলোচিত বিষয় হলো— দলটির দুই সিনিয়র তারকা, সাবেক অধিনায়ক বাবর আজম ও উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে আর রাখা হয়নি ক্যাটাগরি ‘এ’-তে। দুজনকেই নামিয়ে আনা হয়েছে ক্যাটাগরি ‘বি’-তে। অন্যদিকে, আগে ক্যাটাগরি ‘বি’-তে থাকা শান মাসুদ এবার চলে গেছেন ক্যাটাগরি ‘ডি’-তে।

মঙ্গলবার ঘোষণায় জানানো হয়, আগামী ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি। এবারের তালিকায় জায়গা পেয়েছেন ৩০ জন ক্রিকেটার, যা গতবারের তুলনায় তিনজন বেশি। তবে এবার একজনও খেলোয়াড়কে রাখা হয়নি ক্যাটাগরি ‘এ’-তে। যা ভক্তদের কাছে বেশ বিস্ময়কর মনে হতে পারে।

আরো পড়ুন:

এবারের তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ১২ জন ক্রিকেটার। তারা হলেন— আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হোসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সালমান মির্জা ও সুফিয়ান মোকিম।

গত এক বছরে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে ৫ জন খেলোয়াড়কে এক ধাপ উন্নীত করা হয়েছে, তারা হলেন— আবরার আহমেদ, হারিস রউফ, সাইম আইয়ুব, সালমান আলি আগা ও শাদাব খান। তারা সবাই ক্যাটাগরি ‘সি’ থেকে উঠে এসেছেন ক্যাটাগরি ‘বি’-তে।

৯ জন ক্রিকেটার তাদের আগের ক্যাটাগরিতেই থেকে গেছেন। তারা হলেন— আব্দুল্লাহ শফিক, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নোমান আলি, সাজিদ খান, সাউদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।

ক্যাটাগরি ‘ডি’-তে থাকা ৮ জন এবার আর কোনো চুক্তি পাননি। তারা হলেন— আমির জামাল, হাসিবুল্লাহ, কামরান গুলাম, মীর হামজা, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ ইরফান খান ও উসমান খান।

চূড়ান্ত তালিকা ২০২৫-২৬:
ক্যাটাগরি বি: আবরার আহমেদ, বাবর আজম, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদি।

ক্যাটাগরি সি: আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হাসান নাওয়াজ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, নোমান আলি, সাহিবজাদা ফারহান, সাজিদ খান ও সৌদ শাকিল।

ক্যাটাগরি ডি: আহমেদ দানিয়াল, হোসাইন তালাত, খুররম শাহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান মির্জা, শান মাসুদ ও সুফিয়ান মোকিম।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়