ঢাকা     রোববার   ০১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভাগ্য নির্ধারণ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:০৮, ১ ফেব্রুয়ারি ২০২৬
আজই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভাগ্য নির্ধারণ

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান ঘটতে পারে আজই। নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, আজ রবিবার সন্ধ্যা ৬টায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসছেন। এই বৈঠকেই বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় আইসিসির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে পিসিবি। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের বাইরে ম্যাচ আয়োজনের অনুরোধ জানালেও তা প্রত্যাখ্যান করা এবং শেষ পর্যন্ত স্কটল্যান্ডকে তাদের স্থলাভিষিক্ত করায় বিতর্ক আরও ঘনীভূত হয়। এই প্রেক্ষাপটেই পাকিস্তানের সম্ভাব্য বয়কটের খবর সামনে আসে।

আরো পড়ুন:

বাংলাদেশের অনুরোধের পেছনে বড় কারণ ছিল পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া। কলকাতার ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েও ভারতীয় বোর্ডের নির্দেশে আইপিএল থেকে বাদ পড়েন মোস্তাফিজ। যা বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। এরই ধারাবাহিকতায় বিসিবি বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের আবেদন জানায়।

আইসিসি অবশ্য জানায়, ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্টের সূচি এত কাছাকাছি সময়ে বদলানো সম্ভব নয়। এই সিদ্ধান্তের পরই বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়, যা পাকিস্তানের সম্ভাব্য সরে দাঁড়ানোর জল্পনাকে আরও উসকে দেয়।

এর আগে গত ২৬ জানুয়ারি নাকভি ও প্রধানমন্ত্রীর মধ্যে এ বিষয়ে একটি বৈঠক হয়েছিল। আজকের বৈঠকের পরই পাকিস্তানের অবস্থান আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। একই সঙ্গে, বিশ্বকাপ অংশগ্রহণ অনিশ্চয়তার কারণে স্থগিত থাকা পাকিস্তানের নতুন জার্সি উন্মোচনের সিদ্ধান্তও তখন চূড়ান্ত হবে।

এদিকে, যদি পাকিস্তান বিশ্বকাপে না খেলে, সে ক্ষেত্রে বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রেখেছে পিসিবি। সূত্র জানায়, লাহোরে চার দলের একটি টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবা হচ্ছে, যেখানে পাকিস্তান জাতীয় দল ও পাকিস্তান শাহিনস অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড়দের নিয়ে চারটি দল গঠন করা হবে।

সব মিলিয়ে, আজকের বৈঠকই নির্ধারণ করে দেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে পাকিস্তান থাকবে, নাকি দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনীতিতে যোগ হবে আরও একটি নাটকীয় অধ্যায়।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়