১২৩ রানে অলআউট নেপাল, ইতালির সামনে দারুণ সুযোগ
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপের ম্যাচে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে নেপাল ও ইতালি। টস হেরে নেপাল আগে ব্যাট করতে নেমে ২০ ওভার পুরো খেলতে পারেনি। ১৯.৩ ওভারে ১২৩ রানে অলআউট হয়েছে তারা। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা ইতালির সামনে জয়ের দারুণ এক সুযোগ তৈরি হয়েছে।
নেপালের ব্যাটারদের মধ্যে কেউ ৩০ রানও করতে পারেননি। সর্বোচ্চ ২৭টি রান আসে আরিফ শেখ। তিনি ২৪ বলে ৩ চারে এই রান করেন। ১৪ বলে ২ ছক্কায় ২৩ রান করেন রোহিত পাউডেল। ২ চারে ২০ বলে ২০ রান করেন আসিফ শেখ। এছাড়া কারান কেসি ১ চার ও ১ ছক্কায় অপরাজিত ১৮ ও দীপেন্দ্র সিং আইরি ১৮ বলে করেন ১৭ রান। তাতে নেপালের সংগ্রহ ১২৩ পর্যন্ত যায়।
বল হাতে ইতালির ক্রিশান কালুগামাগে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। বেন মানেতি ৪ ওভারে ৯ রান দিয়ে নেন ২টি উইকেট। এছাড়া আলী হাসান, জেজে স্মুতস ও জাসপ্রিত সিং ১টি করে উইকেট নেন।
নেপাল ও ইতালি উভয় দলই তাদের প্রথম ম্যাচে হার মেনেছে। আজ যারা জিতবে তারা প্রথম জয়ের স্বাদ পাবে।
ঢাকা/আমিনুল