পাকিস্তানকে বিধ্বস্ত করে শিরোপার লড়াইয়ে ভারতের সামনে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
এশিয়ার উঠতি তারকাদের আসরে (এমার্জিং এশিয়া কাপ) বাংলাদেশ নারী দল দেখাল দাপটের এক অনন্য প্রদর্শনী। সেমিফাইনালের মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে কার্যত উড়িয়ে দিয়ে ফাইনালে পা রাখল ফাহিমা খাতুনের নেতৃত্বাধীন দল। এখন শিরোপা নির্ধারণী লড়াইয়ে তাদের সামনে ভারত।
আজ শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের তারথাই ক্রিকেট মাঠে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১১০ রান। তবে এই মাঝারি পুঁজি যে যথেষ্ট হয়ে উঠবে, তা বোঝা যায়নি শুরুতে।
ব্যাটিংয়ে স্থিরতার ছাপ রাখেন অধিনায়ক ফাহিমা খাতুন। ৩২ বলে ৫টি চারের সাহায্যে অপরাজিত ৪০ রান করেন তিনি। ইনিংসের শেষ পর্যন্ত থেকে দলকে তিন অঙ্কে পৌঁছে দেন। শারমিন সুলতানা করেন ১৫, শামিমা সুলতানা ১৩ এবং ইশমা তানজিম ১২ রান যোগ করেন।
স্কোরবোর্ড খুব ভারী না হলেও পরিকল্পনা ছিল স্পষ্ট। শুরুতেই আঘাত হেনে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে আনা।
পাকিস্তানের জবাব ছিল বিপর্যস্ত। মাত্র ৮ রানে প্রথম উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। দলীয় ৫০ রানের আগেই ৭ ব্যাটার সাজঘরে ফেরেন। ১৬.৪ ওভারে মাত্র ৫৬ রানে গুটিয়ে যায় পুরো দল।
বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ছিলেন সবচেয়ে সফল। মাত্র ৬ রান খরচ করে নেন ৩ উইকেট। অধিনায়ক ফাহিমাও সমান ৬ রানে শিকার করেন দুই উইকেট। ফারিহা তৃষ্ণা, ফাতেমা জাহান ও ফারজানা ইয়াসমিন প্রত্যেকে একটি করে উইকেট নিয়ে আক্রমণকে পরিপূর্ণতা দেন।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেন শাওয়াল জুলফিকার। হাফসা খালিদ ১২ এবং উসরা আমির ১১ রান যোগ করেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর চাপে তাদের ইনিংস আর গতি পায়নি।
এই জয়ের মধ্য দিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে আগে থেকেই জায়গা নিশ্চিত করেছে ভারত। দুই বছর আগে একই প্রতিযোগিতার শিরোপা লড়াইয়ে ভারতের কাছে হারতে হয়েছিল বাংলাদেশকে। এবার সেই আক্ষেপ ঘোচানোর সুবর্ণ সুযোগ সামনে।
ঢাকা/আমিনুল