ঢাকা     সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১০ ১৪৩২ || ৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টটেনহামকে উড়িয়ে শিরোপা লড়াইয়ে স্বস্তি আর্সেনালের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৬  
টটেনহামকে উড়িয়ে শিরোপা লড়াইয়ে স্বস্তি আর্সেনালের

উত্তর লন্ডনের ডার্বি মানেই আগুনে লড়াই। আর সেই লড়াইয়ে এবার একেবারে দাপট দেখাল আর্সেনাল। এবেরেচি এজের জোড়া গোল ও ভিক্টর জিয়োকারেসের অনবদ্য পারফরম্যান্সে টটেনহামকে ৪-১ গোলে হারিয়ে শীর্ষে পাঁচ পয়েন্টের লিড পুনরুদ্ধার করল মিকেল আর্তেতার দল।

ব্রেন্টফোর্ড ও উলভারহ্যাম্পটনের বিপক্ষে পয়েন্ট হারানোর পর আর্সেনালের শিরোপা দৌড় নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠে এমন জবাব দিয়ে তারা জানিয়ে দিল- লড়াইয়ে তারা এখনও সবচেয়ে বড় দাবিদার।

আরো পড়ুন:

ম্যাচের শুরু থেকেই দুই দলের লড়াই ছিল চোখে পড়ার মতো। টটেনহামের দর্শকরা প্রতিটি স্পর্শে প্রতিপক্ষকে দুয়ো দিচ্ছিলেন। কিন্তু তাতে ভেঙে পড়েনি আর্সেনাল।

৩২ মিনিটে বুকায়ো সাকার দারুণ দৌড়ে তৈরি সুযোগ থেকে এজে প্রথম গোলটি করেন। স্বাগতিকদের গ্যালারি মুহূর্তেই স্তব্ধ। তবে সেই নীরবতা টিকে ছিল মাত্র ১২৩ সেকেন্ড। র‌্যান্ডাল কোলো মুয়ানির ঝাঁঝালো শটে সমতায় ফেরে টটেনহাম।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্সেনাল ফের ঝাঁপিয়ে পড়ে। ৪৭ মিনিটে জিয়োকারেস প্রায় ২০ গজ দূর থেকে বাঁকানো এক দুর্দান্ত শটে দলকে আবার এগিয়ে দেন। গোলটি ছিল নিখুঁত। গোলরক্ষকের নাগালের বাইরে, জালের কোণে।

টটেনহাম কিছুটা চাপে পড়ে যায়। এর মধ্যেই রক্ষণে ঢিলেমির সুযোগ নিয়ে এজে নিজের দ্বিতীয় গোলটি করেন ৬১ মিনিটে। বল প্রতিপক্ষের ডিফেন্ডারদের গায়ে লেগে তার সামনে এলে ঠান্ডা মাথায় জালে পাঠান তিনি। এ মৌসুমে টটেনহামের বিপক্ষে এটি তার পঞ্চম গোল।

ম্যাচের শেষ দিকে টটেনহাম চেষ্টা চালালেও আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া ছিলেন দৃঢ়। অতিরিক্ত সময়ে জিয়োকারেস আবারও জালে বল জড়ান, প্রতিপক্ষ ডিফেন্ডারকে সামলে শক্ত শটে গোল করে জয় নিশ্চিত করেন।

এই জয়ে আর্সেনাল শুধু তিন পয়েন্টই পায়নি, শিরোপা লড়াইয়ে মানসিক স্বস্তিও ফিরিয়েছে। অন্যদিকে টটেনহাম তালিকার নিচের দিকেই রয়ে গেল। অবনমন অঞ্চলের খুব বেশি দূরে নয়।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়