ফাইনালের আগে ‘অপয়া স্মৃতি’ এড়াতে হোটেল ও ড্রেসিংরুম বদল ভারতের
আহমেদাবাদের স্মৃতি কি আবার তাড়া করছে ভারতীয় দলকে? ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে সেই হৃদয়বিদারক হারের পর থেকে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নাম শুনলেই যেন অনেকের মনে ভেসে ওঠে সেই রাতের হতাশা। তাই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে কোনো ঝুঁকি নিতে চাইছে না সূর্যকুমার যাদবের দল।
৮ মার্চ নিউ জিল্যান্ডের বিপক্ষে ফাইনালের আগে ভারতীয় শিবিরে নেওয়া হয়েছে কিছু ভিন্ন সিদ্ধান্ত। জানা গেছে, দলটি আগের মতো একই হোটেলে না থেকে নতুন হোটেলে উঠছে। পাশাপাশি স্টেডিয়ামের ড্রেসিংরুম ব্যবহারের ক্ষেত্রেও পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে।
এক অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিকের দাবি, ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালের সময় ভারতীয় দল যে হোটেলে ছিল, এবার সেই হোটেলে আর থাকতে চায়নি তারা। কারণ ওই ম্যাচের স্মৃতি এখনও অনেকের মনে তাজা। তাই এবার নতুন পরিবেশে থাকতে চাইছে দলটি।
শুধু হোটেল নয়, ড্রেসিংরুমেও পরিবর্তন আনার কথা শোনা যাচ্ছে। গুঞ্জন রয়েছে, স্বাগতিক দলের নির্ধারিত ড্রেসিংরুম ব্যবহার না করে অতিথি দলের ড্রেসিংরুম ব্যবহার করতে পারে ভারত।
সম্প্রতি ভারতীয় দলের মধ্যে কিছুটা কুসংস্কারের প্রভাবও দেখা গেছে। মুম্বাইয়ে সেমিফাইনালের আগে চন্দ্রগ্রহণের সময় অনুশীলন এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দলটি। অনেকেই মনে করছেন, একই মানসিকতার ধারাবাহিকতায় আহমেদাবাদেও কিছু পরিবর্তন আনা হয়েছে।
তবে অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে, হোটেল পরিবর্তনের বিষয়টি হয়তো কাকতালীয়ও হতে পারে। কারণ ফাইনালের প্রথম ফাইনালিস্ট হিসেবে নিউ জিল্যান্ডের জন্য আগেই নির্দিষ্ট হোটেল নির্ধারণ করা হয়েছিল। ফলে ভারত সেখানে থাকার সুযোগই পায়নি।
ড্রেসিংরুম পরিবর্তনের বিষয়টিও এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ভারত যখন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালের আগে অনুশীলনে নামবে, তখনই হয়তো বিষয়টি পরিষ্কার হবে।
সব মিলিয়ে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতীয় দল মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত থাকতে চায়। অতীতের তিক্ত স্মৃতি ভুলে নতুন ইতিহাস গড়াই এখন তাদের একমাত্র লক্ষ্য।
ঢাকা/আমিনুল