ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভারত থেকে ফেরায় দেরি: বৈষম্যের অভিযোগ উড়িয়ে দিল আইসিসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৫, ১১ মার্চ ২০২৬  
ভারত থেকে ফেরায় দেরি: বৈষম্যের অভিযোগ উড়িয়ে দিল আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর ভারত থেকে নিজ দেশে ফিরতে দেরি হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে; এমন অভিযোগ নাকচ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের কারণে বহু বিমান সংস্থা তাদের ফ্লাইট বাতিল বা রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে। ফলে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থায় বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে ক্রিকেট দলগুলোর ফেরার পরিকল্পনাতেও।

আরো পড়ুন:

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, তাদের দল একটি চার্টার ফ্লাইটের জন্য ৯ দিন ধরে অপেক্ষা করেছে, যা বারবার বিলম্বিত হয়েছে। তারা এই অনিশ্চয়তাকে “ক্রমেই উদ্বেগজনক” বলে উল্লেখ করেছে।

এদিকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও বিষয়টি নিয়ে সমালোচনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ইংল্যান্ড সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার ৩৬ ঘণ্টার মধ্যেই দেশে ফিরেছে, অথচ ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দল টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার এক সপ্তাহেরও বেশি সময় পর কলকাতায় আটকে ছিল।

আইসিসি এক বিবৃতিতে জানায়, সিদ্ধান্তগুলোতে কোনো ধরনের বৈষম্য ছিল না।

সংস্থাটি বলেছে, “এই সিদ্ধান্তগুলো নিরাপত্তা, বাস্তবসম্মত ভ্রমণ ব্যবস্থা এবং সংশ্লিষ্টদের কল্যাণ বিবেচনা করেই নেওয়া হয়েছে। অন্য কোনো কারণ কাজ করেনি।”

আইসিসি আরও জানায়, বিশ্বকাপ শেষ হওয়ার পর খেলোয়াড়, কোচ, সহায়ক কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা দ্রুত দেশে ফিরতে চান; এ বিষয়টি তারা ভালোভাবেই বুঝতে পারছে।

তাদের ভাষায়, “এখনো দেশে ফিরতে না পারা স্বাভাবিকভাবেই হতাশার কারণ। এই হতাশা আইসিসিও অনুভব করছে।”

আইসিসির মতে, ইংল্যান্ড দলের ভ্রমণ পরিকল্পনার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার পরিস্থিতির তুলনা করা ঠিক নয়।

কারণ হিসেবে তারা বলেছে, তিন দলের ভ্রমণ রুট, ফ্লাইটের সুযোগ এবং ভ্রমণ পরিস্থিতি আলাদা ছিল।

সংস্থাটি জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার পুরো দল আগামী ৩৬ ঘণ্টার মধ্যেই ভারত ছাড়তে পারবে বলে আশা করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ অভিযান শেষ হয় ৪ মার্চ।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দলের ৯ জন খেলোয়াড় ও স্টাফ ইতোমধ্যে ক্যারিবীয় অঞ্চলের পথে রওনা হয়েছেন। বাকি ১৬ জনের জন্যও আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের বিভিন্ন ফ্লাইটে যাত্রার ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ থেকে বিদায় নেয় ১ মার্চ। 

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়