বিশ্বকাপ ঘিরে নতুন অনিশ্চয়তা: যুক্তরাষ্ট্র নয়, মেক্সিকোতে খেলতে চায় ইরান
রাজনৈতিক উত্তেজনার ছায়া এবার পড়েছে বিশ্বকাপ ফুটবলেও। নিরাপত্তা উদ্বেগের কথা তুলে যুক্তরাষ্ট্রের বদলে মেক্সিকোয় নিজেদের ম্যাচ আয়োজনের দাবি জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর পাল্টা প্রতিক্রিয়া দেখায় ইরান। এর ফলে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে, যা সরাসরি প্রভাব ফেলছে আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনেও।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, ইরানের জন্য বিশ্বকাপে অংশ নেওয়া “নিজেদের নিরাপত্তার জন্যও উপযুক্ত নয়”। তার এই মন্তব্যের পরই বিষয়টি আরও জটিল হয়ে ওঠে।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা সম্ভব নয়। তিনি বলেন, “যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই আমাদের দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না বলে জানিয়েছেন, তখন আমরা সেখানে যেতে পারি না। আমরা বর্তমানে ফিফার সঙ্গে আলোচনা করছি যাতে আমাদের ম্যাচগুলো মেক্সিকোয় আয়োজন করা হয়।”
বিশ্বকাপের এত কাছাকাছি সময়ে ম্যাচের ভেন্যু পরিবর্তন করা সহজ নয়। বিশেষ করে গ্রুপ পর্ব শেষে ইরান যদি নকআউটে ওঠে, তাহলে আবার যুক্তরাষ্ট্রে খেলতে হওয়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে।
সূচি অনুযায়ী, ইরানের ৩টি গ্রুপ ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা।
প্রথম ম্যাচ: নিউজিল্যান্ডের বিপক্ষে, লস অ্যাঞ্জেলেসে
দ্বিতীয় ম্যাচ: বেলজিয়ামের বিপক্ষে, লস অ্যাঞ্জেলেসে
তৃতীয় ম্যাচ: মিশরের বিপক্ষে, সিয়াটলে
এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি ফিফা। তবে নিউ জিল্যান্ড ফুটবলের প্রধান নির্বাহী অ্যান্ড্রু প্র্যাগনেল জানিয়েছেন, তার মনে হয় না ম্যাচ স্থানান্তর করা হবে।
নিউ জিল্যান্ড দলের কোচ ড্যারেন বেজলি বলেন, “আমরা এখনো ইরানের বিপক্ষেই খেলার প্রস্তুতি নিচ্ছি। ড্র অনুযায়ী তারা আমাদের প্রতিপক্ষ। যতক্ষণ না কোনো পরিবর্তনের ঘোষণা আসছে, ততক্ষণ আমরা পরিকল্পনা অনুযায়ীই এগোবো।”
সব মিলিয়ে রাজনৈতিক উত্তেজনা বিশ্বকাপের প্রস্তুতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। এখন দেখার বিষয়, ফিফা শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় এবং ইরানের ম্যাচগুলো সত্যিই অন্য ভেন্যুতে সরানো হয় কি না।
ঢাকা/আমিনুল