ঢাকা     শনিবার   ১৩ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩ || ২৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মাগুরা জেলা জামায়াতের আমিরকে অব্যাহতি 

মাগুরা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ১৩ জুন ২০২৬  
মাগুরা জেলা জামায়াতের আমিরকে অব্যাহতি 

মাগুরা জামায়াতে ইসলামীর অব্যাহতি পাওয়া আমির এম বি বাকের।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরা জেলা আমির এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে দলীয় মনোনীত প্রার্থী অধ্যাপক এম বি বাকেরকে তার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তার দলের রুকনিয়াত (সদস্যপদ) তিন মাসের জন্য মুলতবি করা হয়েছে।

আরো পড়ুন:

শুক্রবার (১২ জুন) সকালে মাগুরা জেলা জামায়াতের দোয়ারপাড় কার্যালয়ে জেলা শুরা ও কর্মপরিষদের সভায় এ সিদ্ধান্তের কথা জানান দলের নেতারা। সভায় কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

সভায় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক এম বি বাকেরকে জেলা আমিরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একইসঙ্গে সহকারী অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চুকে ভারপ্রাপ্ত জেলা আমির এবং সহকারী অধ্যাপক মশিয়ার রহমানকে ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

দলীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জুলাই মাসে একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের জামিনের তদবিরে প্রত্যয়নপত্র দেওয়ার অভিযোগে ছাত্র-জনতার আন্দোলনের মুখে এম বি বাকেরকে জেলা আমিরের পদ থেকে অপসারণ করা হয়। পরে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে পুনর্বহাল করা হয়।

তবে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এবং পরবর্তী সময়ে তার বিরুদ্ধে সংগঠনের অভ্যন্তরে বৈষম্যমূলক আচরণ, অনিয়ম, অর্থনৈতিক অস্বচ্ছতার অভিযোগ ওঠে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা। এ সব অভিযোগ উল্লেখ করে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের কাছে একাধিক লিখিত আবেদনও জমা দেওয়া হয়।

অধ্যাপক এম বি বাকেরের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি ব্যক্তিগত কাজে দেশের বাইরে যাওয়ার জন্য তিন মাসের ছুটির আবেদন করেছি। সেই আবেদনের প্রেক্ষিতে আমিরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং রুকনিয়াত তিন মাসের জন্য মুলতবি করা হয়েছে।”

এ বিষয়ে ভারপ্রাপ্ত জেলা আমির অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু বলেন, “সাংগঠনিক কারণে তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে নানা ধরনের আলোচনা হচ্ছে। তবে অনেক কথা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব বণ্টন করা হয়েছে এবং সাংগঠনিক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।”

দলীয় সূত্র আরও জানিয়েছে, পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অধ্যাপক এম বি বাকেরের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।

ঢাকা/ইউনুছ/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়