পানি কমছে পদ্মায়
রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় পানি কমেছে পদ্মায়।
বুধবার (২৫ আগস্ট) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পানি কমেছে ৫ সেন্টিমিটার। ৫ সেন্টিমিটার পানি কমলেও এখনো এই পয়েন্টে বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।
এছাড়া, সদর উপজেলার মহেন্দ্রপুর পয়েন্টে ৬ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে এবং পাংশা উপজেলার সেনগ্রাম পয়েন্টে ৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
রাজবাড়ী জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, পানি কমার সঙ্গে সঙ্গে ভাঙনে দেখা দিয়েছে। বুধবার সকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদার বাজার এলাকায় এনজিএল ইট ভাটার পাশে প্রায় ১০ মিটার অংশ নদী গর্ভে বিলীন হয়ে যায়।
সুকান্ত/বুলাকী