বীর মুক্তিযোদ্ধাকে রাজাকার বলায় ২০ হাজার টাকা জরিমানা
রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বীর মুক্তিযোদ্ধাকে রাজাকার বলে ফেসবুকে পোস্ট দেওয়ার অপরাধে রাজশাহীতে এক যুবককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
রোববার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম লিটন আলী (২৩)। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চিয়ারী গ্রামে তার বাড়ি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘২০২১ সালের আগস্ট মাসে লিটন তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। সেই পোস্টে এলাকার বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানকে ‘মুক্তিযোদ্ধা নামে রাজাকার’ হিসেবে উল্লেখ করেন তিনি। বিষয়টি নজরে এলে মজিবর রহমান ডিজিটাল নিরাপত্তা আইনে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা করেন।’
তিনি আরও বলেন, ‘ওই মামলার রায়ে আদালত আসামি লিটনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ ভিকটিম হিসেবে মামলার বাদী পাবেন বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।’
কেয়া/কেআই