দিনাজপুরে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, মুক্তিযোদ্ধাসহ নিহত ২
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। তারা হলেন, বীর মুক্তিযোদ্ধা এম এ কে আজাদ (৭০) ও অটোচালক এনামুল হক (৪২)।
সোমবার (১৭ জুন) সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের উপজেলার দিওড় বটতলীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত এম এ কে আজাদ দিওড় ইউনিয়নের কুয়েতপাড়া গ্রামের এবং এনামুল হক একই উপজেলার পৌর শহরের পূর্বজগন্নাথপুর গ্রামের (ঝাউবন) বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে আজাদ বাড়ি থেকে অটোরিকশাযোগে সেমাই কেনার জন্য বিরামপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ট্রাক দিওড় বটতলীতে অটোরিকশায় ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুই জন গুরুতর আহত হয়। তাদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, বীর মুক্তিযোদ্ধাসহ দুই জন নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে সড়ক পরিবহন আইনে মামলার প্রস্ততি চলছে।
মোসলেম/বকুল
কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত