অস্তিত্ব রক্ষার্থেই পাটে ফিরতে হবে: মহাপরিচালক
শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পাটের ব্যবহার নিয়ে জনসচেতনতামূলক মতবিনিময় সভা
নিজেদের অস্তিত্ব রক্ষা ও পরিবেশের স্বার্থে পলিথিন থেকে মুখ ফিরিয়ে পাটে ফিরতে হবে বলে মন্তব্য করেছেন পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে শেরপুরে জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলা পর্যায়ে স্টেকহোল্ডারদের সঙ্গে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ বাস্তবায়নে জনসচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ওই সময় মহাপরিচালক প্লাস্টিকের বদলে পাটজাত মোড়ক ব্যবহারের উপর গুরুত্বারোপ করে বলেন, ‘‘আগে পলিথিন ছিল না। আমাদের বাপ-চাচারা পাটের ব্যাগে বাজার করেছেন। এটি আমাদের সোনালী ঐতিহ্য ও গৌরবের অংশ। পণ্যে পাটের মোড়কের ব্যবহার নিশ্চিত করতে হবে। পাট রপ্তানির মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জনও করতে পারব।’’
এ সময় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, পুলিশ পরিদর্শক মো. আব্দুল ওয়াহেদ, চালকল ব্যবসায়ী শরাফত আলী, আব্দুল গণি, খুরশিদ আলম মিঠু, পাটকল মালিক আলমগীর হোসেন প্রমুখ।
পাট অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পাট উন্নয়ন কর্মকর্তা জিয়াউল হক খানের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পাট উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা, জেলার জুটমিল ব্যবসায়ীরা, রাইস মিল ব্যবসায়ীরা, রাজনৈতিক নেতারা, সাংবাদিক ও ও পাটচাষিরা উপস্থিত ছিলেন।
ঢাকা/তারিকুল/বকুল
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল জয়ী