ঢাকা     রোববার   ২২ মার্চ ২০২৬ ||  চৈত্র ৯ ১৪৩২ || ২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে মেলায় জুয়ার আসর, বন্ধে ৩ দিনের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ১৭ অক্টোবর ২০২৫   আপডেট: ১৭:৩৩, ১৭ অক্টোবর ২০২৫
গাজীপুরে মেলায় জুয়ার আসর, বন্ধে ৩ দিনের আল্টিমেটাম

শিববাড়ি-শিমুলতলী সড়ক অবরোধ করে মেলা বন্ধের জন্য বিক্ষোভ করেন এলাকাবাসী ও মুসল্লিরা।

গাজীপুরের শিমুলতলী এলাকায় বাণিজ্য মেলার আড়ালে জুয়ার আসর ও লটারির নামে প্রতারণা চলছে। সেই মেলা বন্ধ করতে প্রশাসনকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে এলাকাবাসী।

শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর শিববাড়ি-শিমুলতলী সড়ক অবরোধ করে মেলা বন্ধের জন্য বিক্ষোভ করেন এলাকাবাসী ও মুসল্লিরা৷ এতে প্রায় দুই ঘণ্টা ওই সড়কে যানচলাচল বন্ধ থাকে। 

আরো পড়ুন:

সেখানে বিক্ষোভকারীরা বলেন, ‘‘প্রবেশমূল্যের নামে প্রতিটি দর্শনার্থীর কাছ থেকে নেওয়া হচ্ছে ২০ টাকা। সেই টিকিট দিয়ে ‘লটারি কুপন’ বলে দাবি করে বড় পুরস্কারের লোভ দেখানো হচ্ছে। জুয়ার পাশাপাশি অশ্লীল নাচগান চালিয়ে যুবসমাজকে নষ্ট করছে৷ প্রতিদিন অটোরিকশা দিয়ে মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় হাজার হাজার লটারি বিক্রি করা হচ্ছে। লটারি যারা পাচ্ছে, তারা মেলার কর্তৃপক্ষের সাজানো লোকজন। আমরা শুনেছি, প্রশাসন নাকি এক কোটি টাকা খেয়েছে। আগামী তিন দিনের মধ্যে যদি এই মেলা বন্ধ না করা হয়, আমরা কঠোর পদক্ষেপ নেবো।’’

গত ২৭ আগস্ট বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির পক্ষে অবহিতকরণ চিঠি বিতরণ করা হয়। চিঠির বিষয়ে উল্লেখ করা হয়েছে, ‘‘বেনারশী ইভেন্ট ম্যানেজমেন্টের স্বত্বাধিকারী বাদল মিয়া ‘ক্ষুদ্র ও কুটির শিল্প’ মেলার আয়োজন করেছে।’’

গাজীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,  এ মেলা আয়োজনের জন্য অনুমতির চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেনি কর্তৃপক্ষ। তারা একটি অবহিতকরণ চিঠি দিয়েছে। চিঠি পাওয়ার পর অননুমোদিত মেলা বন্ধ করার জন্য মহানগর পুলিশকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে জেলা প্রশাসন। মেলার বিষয়ে পার্শ্ববর্তী ডুয়েটের শিক্ষার্থীরাও আপত্তি জানিয়ে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছে।

এ বিষয়ে মেলা আয়োজকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি। 
 

ঢাকা/রেজাউল/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়