বাগেরহাটে লোকালয়ে চিত্রা হরিণ, পরে অবমুক্ত
বাগেরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
উদ্ধার হওয়া চিত্রা হরিণ।
বাগেরহাটের মোংলা উপজেলায় লোকালয় থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে বনবিভাগ। রবিবার (১ জানুয়ারি) দুপুরে বনসংলগ্ন মোংলার চিলা ইউনিয়নের তেলিখালী এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় হরিণটি উদ্ধার করা হয়।
বনবিভাগ জানায়, উদ্ধার হওয়া হরিণটি পশুর নদী সাঁতরে লোকালয়ে এসেছে নাকি চোরা শিকারিরা ধরে এনেছে। সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে চিলা ইউনিয়নের তেলিখালী এলাকায় একটি মায়াবী চিত্রা হরিণ ছোটাছুটি করতে দেখে স্থানীয়রা বনবিভাগে খবর দেয়। বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় হরিণটি উদ্ধার করে। সুস্থ থাকায় সেটিকে আবার সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
স্থানীয়রা মনে করছে, সুন্দরবন থেকে পশুর নদী পার হয়ে হরিণটি তেলিখালী এলাকায় চলে আসে। সেখানে হরিণটি ঘোরাফেরা করতে থাকে।
তবে সহকারী বনসংরক্ষক দীপন চন্দ্র দাস বলেন, “এত বড় পশুর নদী পার হয়ে একটি হরিণ লোকালয়ে চলে আসা কোনোভাবে সম্ভব নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরা শিকারিরা শিকার করে আনার পর কেউ দেখে ফেলায় ছেড়ে দিয়েছে।”
বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে বলে জানান তিনি।
ঢাকা/বাদশা/বকুল