ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে স্বতন্ত্র নারী প্রার্থীকে চড় মারলেন বিএনপি নেতা

রাজশাহী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০২, ১২ ফেব্রুয়ারি ২০২৬  
রাজশাহীতে স্বতন্ত্র নারী প্রার্থীকে চড় মারলেন বিএনপি নেতা

রাজশাহীর একমাত্র নারী স্বতন্ত্র প্রার্থীকে চড় মারার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় পবা উপজেলার নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

এই স্বতন্ত্র প্রার্থীর নাম হাবিবা বেগম। তিনি ফুটবল প্রতীক নিয়ে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) নির্বাচনে লড়ছেন। 

হাবিবা বেগম মোহনপুর উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান। মারধরের কারণে তিনি কানে শুনতে পাচ্ছেন না। কথা বলতেও কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন।

হাবিবাকে চড় মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, হাবিবা দাঁড়িয়ে কথা বলার একপর্যায়ে হঠাৎ করে এক ব্যক্তি হাবিবাকে সজোরে একটি থাপ্পড় মারেন। এতে হাবিবা লুটিয়ে পড়েন। কোনোমতে সামলে উঠে দাঁড়ালেই আবার তাকে থাপ্পড় মারা হয়। হাবিবার সঙ্গে থাকা লোকজন তাকে রক্ষা করেন। আরেক ব্যক্তি মারধর করা ব্যক্তিকে নিয়ে দূরে সরে যান। 

যিনি মারধর করছিলেন, তার নাম রজব আলী। তিনি পবার হরিয়ান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।

হাবিবা বেগমের প্রধান নির্বাচনি এজেন্ট আকবর হোসেন বলেছেন, “একজন নারী প্রার্থীর গায়ে এভাবে হাত তোলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে জানিয়েছি। কিন্তু, ভোটকেন্দ্রের বাইরের ঘটনা বলে তিনি দায় এড়িয়ে গেছেন। আমরা বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকেও জানাব। আমরা এই ঘটনার বিচার চাই।”

বিষয়টি নিয়ে কথা বলতে ঘটনাস্থলে বিএনপি নেতা রজব আলীকে পাওয়া যায়নি। হরিয়ান ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান জানিয়েছেন, রজব আলী তাদের দলের নেতা। কিন্তু, এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে, তা তিনি জানেন না। সেখানে থাকা বিএনপি নেতা-কর্মীদের কেউ রজব আলীর ফোন নম্বর দিতে চাননি।

রাজশাহীর কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কাদেরী বলেছেন, “ভোটকেন্দ্রের সামনে ভোটারদের কাছে ভোট চাওয়া নিয়ে একজন প্রার্থীর সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে বলে শুনেছি। কিন্তু, মারধরের ঘটনা আমার জানা নেই।”

ঢাকা/মাহী/রফিক 

সর্বশেষ

পাঠকপ্রিয়