রাইজিংবিডিতে সংবাদ প্রকাশ: সেই শিক্ষকের বাড়ি ‘পাখির অভয়াশ্রম’ ঘোষণা
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মুসুলিয়াবাদ গ্রামের স্কুল শিক্ষক আখতার হোসেনের বাড়িকে পাখির অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে আখতারুজ্জামানের বাড়িতে দেশীয় ও পরিযায়ী পাখির কলোনী নামের একটি সাইনবোর্ড লাগিয়ে বাড়িটির নাম করণ করা হয় ‘বিহঙ্গ বিলাস’।
এসময় কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক, পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন ও অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।
নিরাপদ আশ্রয় ও পরম মমতার কারণে প্রায় ৪০ বছর ধরে পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আখতারুজ্জামান বাড়ির গাছে বাসা বানিয়ে থাকছে হাজারো পাখি। সাদা বক, পানকৌড়ি আর বাদুরের কিচিরমিচির শব্দে মুখরিত থাকে বাড়িটি। পাখির এ অবাসস্থল নিয়ে গত বছরের ১৬ সেপ্টেম্বর দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম-এ ‘বাড়ি নয়, যেন পাখির মেলা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি নজরে আসার পর এ পদক্ষেপ নিল সরকার।
শিক্ষক আখতারুজ্জামান বলেন, “৪০ বছর ধরে আমাদের বাড়িতে বিভিন্ন প্রজাতির পাখি বসবাস করছে। পাখিগুলো বাড়িতে বাস করায় আমরা বিরক্ত না হয়ে বরং তাদের যাতে কেউ বিরক্ত করতে না পারে, সেদিকে নজর রাখি। অনেক সময় পাখি অসুস্থ হয়ে পড়লে সেগুলোকে চিকিৎসা করাই।”
তিনি বলেন, “পাখির মলমূত্রে অনেক দুর্গন্ধ হয়। এ কারণে বাড়িতে প্রায় সময়ই সুগন্ধি ছিটিয়ে থাকতে হয়। তারপরও আমার ঘরের সব সদস্য পাখি প্রেমী হয়ে উঠেছে। আজ আমার বাড়িকে যে স্বীকৃতি দেওয়া হয়েছে এতে আমি নিজে গর্বিত। প্রায় সময়ই দর্শনার্থীরা আমার বাড়িতে পাখি দেখতে আসে। সবাইকে আমি সাধুবাদ জানাই।”
অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান বলেন, “দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম-এ প্রতিবেদন প্রকাশের পর এ বাড়িটি আমাদের নজরে আসে। আমরা উপজেলা প্রশাসনকে অবহিত করি। আজ বাড়িটিকে স্বীকৃতি স্বরূপ পাখির অভয়াশ্রম হিসেবে নামকরণ করা হয়েছে। শিক্ষক আখতারুজ্জামানকে আমরা সব সময় সহযোগিতা করব।”
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক বলেন, “শিক্ষক আখতারুজ্জামানের পাখির প্রতি ভালোবাসা সত্যিই বিরল। রাইজিংবিডি ডটকম-এ সংবাদ প্রকাশের পর বিষয়টি আমার নজরে আসে এবং আমি জেলা প্রশাসনকে অবহিত করি। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়িটিকে পাখির অভয়াশ্রম হিসেবে ঘোষণা করার জন্য বলা হয়। আজ আমরা এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যদের সহায়তায় এই বাড়িটিতে একটি সাইনবোর্ড সাটিয়ে দিয়েছি। সরকারিভাবে ওই শিক্ষককে সব ধরনের সহযোগিতা করা হবে।”
ঢাকা/ইমরান/মাসুদ