ঢাকা     সোমবার   ০২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে ‌‘ডাকাত সন্দেহে’ গণপিটুনিতে নিহত ১, আহত ৭

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ২ মার্চ ২০২৬  
রাজশাহীতে ‌‘ডাকাত সন্দেহে’ গণপিটুনিতে নিহত ১, আহত ৭

রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে মারধরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন। এ সময় তাদের সঙ্গে থাকা মিনি ট্রাকটি আগুনে পুড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ লোকজন।

রবিবার (১ মার্চ) মধ্যরাত দেড়টার দিকে উপজেলার পলাশি গ্রামে ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

সোমবার (২ মার্চ) সকালে পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে। আহত সাতজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম শাহীন (৫৫)। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামের বাসিন্দা। বাকি সাতজনের বাড়ি দেশের বিভিন্ন স্থানে বলে জানিয়েছে পুলিশ।

রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস জানান, আটজনের মধ্যে একজনকে তারা মৃত অবস্থায় পেয়েছেন। অন্য সাতজনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে নিহত ও আহত ব্যক্তিরা ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলেন। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে পুলিশ আটজনকে উদ্ধার করে। তাদের মধ্যে একজন মারা গেছেন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি জানান, রামেক হাসপাতালের মর্গে নিহত ব্যক্তির ময়নাতদন্ত হবে। এরপর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জানান, ঘটনাটি তদন্ত করা হবে। এরপর মামলা দায়ের হবে। তারা কি করতে ওই গ্রামে গিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে কোন থানায় মামলা আছে কি না তা দেখা হচ্ছে।

ঢাকা/মাহী/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়