ঢাকা     শনিবার   ০৭ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২২ ১৪৩২ || ১৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কবি মাহামুদুল হাসান নিজামী আর নেই

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ৬ মার্চ ২০২৬  
কবি মাহামুদুল হাসান নিজামী আর নেই

রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার সন্তান, জাতীয় কবিতা মঞ্চের সভাপতি ও কাউখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবি, সাহিত্যিক ও সাংবাদিক মাহামুদুল হাসান নিজামী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে রংপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই আরিফুল হক মাহবুব।

গুণী এই ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানসহ রাঙ্গামাটি জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মাহামুদুল হাসান নিজামী একাধারে কবি, সাংবাদিক, গীতিকার ও সুরকার ছিলেন। তিনি জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক এবং দৈনিক ডেসটিনির ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও কাজ করেছেন।

আরবি, ফার্সি, উর্দু ও ইংরেজিসহ একাধিক ভাষায় তার দখল ছিল। বিশ্বসাহিত্যের ধ্রুপদী কবি শেখ সাদী, ফরিদ উদ্দিন আক্তার ও ইমরুল কায়েস–এর কবিতার প্রথম বাংলা কাব্যানুবাদ করে তিনি বিশেষ পরিচিতি লাভ করেন।

মাহামুদুল হাসান নিজামীর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ১৪০টি। এছাড়া তিনি পাঁচ হাজারেরও বেশি কবিতা ও গান রচনা করেছেন। বাংলা সাহিত্যে বানান সংস্কার ও গবেষণার নতুন ধারা তৈরিতে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন তিনি।

মাহমুদুল হাসান নিজামী চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকায় জন্মগ্রহণ করলেও স্থায়ীভাবে বসবাস করতেন রাঙামাটি জেলার কাউখালী উপজেলা সদর এলাকায়।

নিজামীর ছোট ভাই আরিফুল হক মাহবুব জানান, একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে রংপুরে গিয়েছিলেন তিনি। সেখানে হৃদরোগে আক্রান্ত হলে সহকর্মীরা তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় ঢাকার বাংলা একাডেমি অথবা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রথম জানাজা, রাঙ্গামাটির কাউখালী উপজেলায় দ্বিতীয় জানাজা এবং চট্টগ্রামের লালখান বাজার এলাকায় তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে কাউখালী কেন্দ্রীয় কবরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

ঢাকা/শংকর/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়