হোয়াইট হাউসে মেসিকে সম্মাননা, ট্রাম্পের প্রশংসায় ভাসলেন আর্জেন্টাইন মহাতারকা
মেজর লিগ সকারের শিরোপা জয়ের পর যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে বিশেষ সম্মাননা পেল ইন্টার মায়ামি ও তাদের অধিনায়ক লিওনেল মেসি। অনুষ্ঠানে আর্জেন্টাইন মহাতারকার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (০৫ মার্চ) হোয়াইট হাউসে আয়োজিত সংবর্ধনায় ট্রাম্প বলেন, “আমার জন্য এটি বিশেষ সম্মানের বিষয়। কারণ আজ এমন একটি কথা বলছি, যা এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট বলেননি। লিওনেল মেসি, আপনাকে হোয়াইট হাউসে স্বাগতম।”
মেসির জনপ্রিয়তার কথা উল্লেখ করে ট্রাম্প জানান, তার ছেলে ব্যারনও আর্জেন্টাইন তারকার বড় ভক্ত। তিনি বলেন, “আমার ছেলে আমাকে বলল- আজ জানো কে আসছে? আমি বললাম, না। সে বলল- মেসি! সে তোমার বড় ভক্ত। সে মনে করে তুমি অসাধারণ একজন মানুষ।”
মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর কথাও উল্লেখ করেন ট্রাম্প। গত বছর রোনালদোও হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
ইন্টার মায়ামিতে মেসির প্রভাব নিয়েও প্রশংসা করেন ট্রাম্প। তার ভাষায়, “এই মানুষটা এসেছেন এবং জিতেছেন। প্রচণ্ড চাপ ছিল, প্রচুর আলোচনার মধ্যে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এসে জয়ই ছিনিয়ে নিয়েছেন।”
ফুটবল ইতিহাস প্রসঙ্গেও মন্তব্য করেন ট্রাম্প। মেসিকে উদ্দেশ করে তিনি বলেন, “তুমি হয়তো পেলের থেকেও ভালো।” এরপর উপস্থিত অতিথিদের উদ্দেশে মজা করে জানতে চান, “বল তো, কে বেশি ভালো?”
ইন্টার মায়ামি দলকেও তিনি প্রশংসায় ভাসান। ট্রাম্প বলেন, “এরা দারুণ একটি দল। এদের সঙ্গে উদ্যাপন করলে নিশ্চয়ই অনেক মজা হবে।”
অনুষ্ঠানে ইন্টার মায়ামির আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দে পলকেও আলাদা করে উল্লেখ করেন ট্রাম্প। মেজর লিগ সকারের ফাইনালে ভ্যাঙ্কুভারের বিপক্ষে দলের ৩-১ গোলের জয়ে এগিয়ে দেওয়া গোলটি করেছিলেন তিনিই।
মজা করে ট্রাম্প বলেন, “রদ্রিগো কোথায়? তাকে খুঁজে বের করো।” এতে উপস্থিতদের মধ্যে হাসির রোল পড়ে যায়।
অনুষ্ঠানের শেষে মেসি প্রেসিডেন্ট ট্রাম্পকে ইন্টার মায়ামির গোলাপি রঙের একটি স্বাক্ষর করা ফুটবল উপহার দেন। অন্যদিকে ক্লাবের সহ-মালিক হোর্হে মাস ও কোচ হাভিয়ের মাসচেরানো প্রেসিডেন্টকে দলের জার্সি ও একটি ঘড়ি উপহার দেন।
হোর্হে মাস বলেন, তাদের লক্ষ্য হলো বিশ্ব ফুটবলে নিজেদের অবস্থান আরও শক্ত করা এবং মেজর লিগ সকার ও ইন্টার মায়ামিকে বৈশ্বিক ফুটবলের অন্যতম শক্তিশালী ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করা।
ঢাকা/আমিনুল