ঢাকা     শুক্রবার   ২০ মার্চ ২০২৬ ||  চৈত্র ৭ ১৪৩২ || ৩০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাটুরিয়া ঘাটে ৩ দিনে সাড়ে ৭ হাজার মোটরসাইকেল পার

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ২০ মার্চ ২০২৬  
পাটুরিয়া ঘাটে ৩ দিনে সাড়ে ৭ হাজার মোটরসাইকেল পার

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরিতে ব্যাপক সংখ্যায় মোটরসাইকেল পারাপার হচ্ছে।

রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। স্বাভাবিক সময়ে এ নৌরুটে যানবাহনের চাপ না থাকলেও ঈদ মৌসুমে চাপ বেড়ে যায়।

ঈদযাত্রায় গত সোমবার (১৬ মার্চ) থেকে বৃহস্পতিবার (১৯ মার্চ) পর্যন্ত তিন দিনে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৫ হাজার ৩০৪টি যানবাহন পারাপার করা হয়েছে। এর মধ্যে অর্ধেক মোটরসাইকেল। গত তিন দিনে নৌরুটে সাড়ে সাত হাজার মোটরসাইকেল পারাপার হয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় জানায়, গত মঙ্গলবার ২৪ ঘণ্টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৫০৬টি বাস, ৬৮৭টি ট্রাক, ১ হাজার ৪৮০টি ছোট গাড়ি ও ২ হাজার ৪৪০টি মোটরসাইকেল পারাপার করা হয়েছে। গত বুধবার ২৪ ঘণ্টায় ৪২৮টি ট্রাক, ৪৬৫টি বাস, ১ হাজার ৫১৩টি ছোট গাড়ি ও ২ হাজার ৯৫০টি মোটরসাইকেল পারাপার করা হয়েছে। গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ৮০০টি বাস, ৪৩৫টি ট্রাক, ১ হাজার ৪০০টি ছোট গাড়ি ও ২ হাজার ২০০ মোটরসাইকেল পারাপার করা হয়েছে।

মোটরসাইকেল নিয়ে চলাচল করেন ইশতিয়াক ইমন। পাটুরিয়া ঘাট এলাকায় তিনি বলেন, ‘‘ধামরাইতে একটি পোশাক কারখানায় সুপার ভাইজার হিসেবে কাজ করি। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে মাগুরা যাচ্ছি। পরিবহন বাসের চেয়ে মোটরসাইকেলে দ্রুত গন্তব্যে পৌছানো যায়৷ নৌরুট পারাপারেরও বিড়ম্বনা কম।’’

ঢাকার ভিতর রাইড শেয়ার করেন সেন্টু মিয়া। তিনি বলেন, ‘‘স্বাভাবিক সময়ে ঢাকার ভিতর রাইড শেয়ার করি। তবে গত দুই দিন গাবতলি থেকে যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাট পর্যন্ত এসেছি। এরমধ্যে একদিন পাটুরিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে ফরিদপুর ট্রিপ দিয়েছি। ঈদের সময় যাত্রীরা মোটরসাইকেলে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমাদের রাইডারদেরও বাড়তি কিছু আয় হয়।’’

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক সালাম হোসেন বলেন, গত কয়েক দিনে যে সংখ্যক যানবাহন পারাপার করা হয়েছে, তার অর্ধেকই মোটরসাইকেল। ঈদযাত্রায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। আজ শুক্রবার (২০ মার্চ) সকাল থেকে ঘাট এলাকা ফাঁকা। তেমন কোনো যানবাহন ও যাত্রী নেই।

ঢাকা/চন্দন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়