জুয়ায় বাধা দেওয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে পিটুনি
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাদারীপুরের রাজৈরে জুয়া খেলায় বাধা দেওয়ার জের ধরে তুচ্ছ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতা পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
রাজৈর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রুহুল আমিন (৩৭) অভিযোগ করেছেন, স্থানীয় আওয়ামী লীগ সমর্থক লালচান শেখ (৩৮) ও তার লোকজন এ চালিয়েছে।
রুহুল আমিন রাজৈর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোল্লাকান্দি গ্রামের মৃত আব্দুল বারেক বেপারীর ছেলে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে রাজৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার। মামলা রুজু করা হবে জানিয়েছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরে নিজ এলাকায় জুয়া খেলায় বাধা দিয়ে আসছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা রুহুল আমিন। এর জের ধরে বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে শুক্রবার রাতে রুহুলের ওপর হামলা চালায় লালচান শেখ, তার ভাই সাঈদ শেখসহ তাদের লোকজন। পরে রুহুল আমিনের বাড়িতেও হামলা চালানো হয়। একপর্যায়ে জাতীয় জরুরি সেবার নম্বরে ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে এসে রুহুল ও তার স্ত্রী-সন্তানদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন রুহুল আমিন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেছেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। মামলা দিতে চাইলে নেওয়া হবে।”
ঢাকা/বেলাল/রফিক
ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তি করতে ট্রাম্পের হুঁশিয়ারি