উগ্রবাদীরা যেন বিশৃঙ্খলা করতে না পারে সতর্ক থাকতে হবে: ভূমিমন্ত্রী
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জলমহাল ব্যবস্থাপনার ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের ব্যাপারে সরকার সতর্ক রয়েছে। যারা ১৭ বছর মৎসজীবীদের শোষণ করে অবৈধভাবে ভূমির মালিক হয়েছেন, তাদের আর সুযোগ দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে, সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে সরকারি জলমহাল আইন, ২০২৬ এর খসড়া চূড়ান্তকরণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, ‘‘তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার মৎস্যজীবী ও কৃষকদের অধিকার রক্ষায় সোচ্চার রয়েছে। প্রকৃত মৎসজীবীদের মূল্যায়ণ করে জলমহাল ইজারার পাশাপাশি মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি ও কৃষির পরিবেশ নিশ্চতে সরকার বদ্ধপরিকর।’’
এ সময় তিনি অতি উগ্রবাদী যেন দেশে বিশৃঙ্খলা করতে না পারে সেক্ষেত্রে দেশপ্রেমিক নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানান। এ ছাড়াও অতিবৃষ্টিতে হাওরাঞ্চলে জলাবদ্ধতা থেকে ফসলি জমি রক্ষায় সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, ইরান-ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকটে যাতে হাওরে ধানের উৎপাদনে নেতিবাচক প্রভাব না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় সুনামগঞ্জ জেলার সংসদ সদস্যসহ সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ও সিলেট বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/মনোয়ার//
ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তি করতে ট্রাম্পের হুঁশিয়ারি