লোকালয়ে ঢুকে পড়া চিত্রা হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
উদ্ধারকৃত চিত্রা হরিণ
বাগেরহাটের শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ, ওয়াইল্ড টিম, ভিটিআরটি সদস্য ও স্থানীয় জনগণ। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খুড়িয়াখালী গ্রামের জামাল মিরার বাড়ি থেকে হরিণটি উদ্ধার করা হয়।
রবিবার (১৯ এপ্রিল) সকালে হরিণটিকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
উদ্ধারকারীরা জানান, প্রায় ২৫ কেজি ওজনের স্ত্রী চিত্রা হরিণটি পথ হারিয়ে লোকালয়ে চলে আসে। পরে এলাকাবাসী হরিণটিকে দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। এরপর বন বিভাগের সদস্যরা ওয়াইল্ড টিম ও ভলান্টিয়ারদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে নিরাপদে উদ্ধার করেন।
ওয়াইল্ড টিমের ফ্যাসিলিটেটর আলম হাওলাদার বলেন, স্থানীয় মানুষের সহযোগিতায় খুব দ্রুত হরিণটি উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার সময় হরিণটির শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল। প্রয়োজনীয় পরীক্ষা শেষে হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
তিনি আরো বলেন, সুন্দরবন সংলগ্ন এলাকায় মাঝে মাঝে খাবারের সন্ধানে বা জোয়ারের পানির কারণে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। এ ধরনের ঘটনা ঘটলে প্রাণীটিকে বিরক্ত না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি
ঢাকা/আমিনুল/ফিরোজ