হামলা মোকাবিলায় ‘হাই অ্যালার্টে’ হুতিরা
ইয়েমেনের হুতি নেতৃত্বাধীন সরকারের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ আল-আতিফ
ইয়েমেনের হুতি নেতৃত্বাধীন সরকারের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ আল-আতিফ বলেছেন, গোষ্ঠীটি ‘ইয়েমেনি জনগণের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন মোকাবিলায় হাই অ্যালার্টে রয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) আল-আলিফ এক বিবৃতিতে বলেন, “ইহুদিবাদী (ইসরায়েল) এবং আমেরিকান শত্রুদের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর্যায়টি মূলত বিভিন্ন ফ্রন্টের ঐক্যকে প্রতিফলিত করেছে। এটি শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের সামরিক অভিযানের কার্যকারিতাও প্রমাণ করেছে।”
ইরান-সমর্থিত হুতিরা গত মার্চের শেষের দিকে একাধিক দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আনুষ্ঠানিকভাবে ইরান বনাম মার্কিন-ইসরায়েল যুদ্ধে প্রবেশ করে, যা এই সংঘাতে একটি নতুন ফ্রন্ট তৈরি করেছে।
মিলিশিয়া গোষ্ঠীটি যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। তারা তাদের অস্ত্রভাণ্ডার ব্যবহার করে ইসরায়েলের সংবেদনশীল সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং লোহিত সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ প্রবেশপথ ‘বাব আল-মান্দেব’ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
হুতি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-এজ্জি সতর্ক করে বলেছেন, ট্রাম্প যদি মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ায় বাধা দেওয়া অব্যাহত রাখেন, তবে তারা এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন।
ঢাকা/ফিরোজ