কোরবানির হাটে বিক্রির উদ্দেশে ডেন্টাল চেম্বারে নিয়ে ছাগলের দাঁত তুললেন মালিক
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ময়মনসিংহের ত্রিশালে আলভি ডেন্টাল কেয়ারে ছাগলের দাঁত তোলা হয়।
ময়মনসিংহের ত্রিশালে কোরবানির পশু হিসেবে বিক্রির জন্য একটি ছাগলের দাঁত তুলে ফেলার অভিযোগ উঠেছে লিটন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল পৌরসভার মহিলা কলেজ গেইট সংলগ্ন আলভি ডেন্টাল কেয়ারে ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিষয়টি টের পেয়ে উপস্থিত জনতা পৌরসভার জামে মসজিদ রোড এলাকায় লিটন ও তার সঙ্গে থাকা আরেক ব্যক্তিকে আটক করেন। চাপের মুখে তারা ছাগলের দাঁত তোলার বিষয়টি স্বীকার করেন। অভিযুক্তরা জানান, ছাগলের দাঁত নড়বড়ে হওয়ায় তারা সেটি তুলে ফেলেছেন।
মানুষের ডেন্টাল চেম্বারে কেন ছাগলের দাঁত তোলা হয়েছে- এমন প্রশ্নের জবাবে তারা জানান, সেখানে দাঁত তোলা হয় শুনে এসেছিলেন।
ঘটনার সময় উপস্থিত স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, কোরবানির মতো ধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয়েও প্রতারণা করা অত্যন্ত নিন্দনীয়। তারা জানান, কাঁচা দাঁত তোলা প্রাণীর প্রতি চরম অবিচার। যে সরঞ্জাম দিয়ে পশুর দাঁত তোলা হয়েছে, তা দিয়েই আবার মানুষের চিকিৎসা হবে- এটা ভাবতেও কষ্ট হচ্ছে।
এ বিষয়ে আলভি ডেন্টাল কেয়ারের মালিক দন্ত চিকিৎসক আনোয়ার হোসেন মানিক বলেন, “আমি তো ছিলাম না। আমার চেম্বারের ছেলে না বুঝে দাঁত তুলে ফেলেছে।”
দাঁত তোলার বিষয়টি স্বীকার করে রাকিব বলেন, “পরিচিত একজন আমার কাছে ছাগল নিয়ে আসায় দাঁত তুলে দিছি, তবে টাকা নেইনি।”
এ বিষয়ে জানতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানাকে মোবাইলে কল দেওয়া হলে তিনি বলেন, “প্রাণিকল্যাণ আইন অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ। ওই আইনের বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, ১০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।"
ঢাকা/মিলন/মাসুদ
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জুনে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল