‘বিআরটি প্রকল্পে আরো ৫০০-৬০০ কোটি টাকা খরচ করলে সুফল পাওয়া যাবে’
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম বলেছেন, “বিআরটি প্রকল্প যারা নিয়েছিল তারা একটি ত্রুটিযুক্ত প্রকল্প নিয়েছিল। এই প্রকল্পটি বাস চলাচল বান্ধব ছিল না। প্রথম প্রস্তাব এই প্রকল্পে আরো ৫০০-৬০০ কোটি টাকা ব্যয় করলে সুফল পাওয়া যাবে। দ্বিতীয় প্রস্তাব হচ্ছে প্রকল্পটি ভেঙে অপসারণ করতে হবে। দুটি প্রস্তাবই পর্যালোচনা করে একটি উচ্চ পর্যায়ের কমিটি করেছি৷ সেই কমিটিতে পর্যালোচনা চলছে, ঈদের পরে সিদ্ধান্ত নেওয়া হবে৷”
রবিবার (২৪ মে) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমার কাছে মনে হয়েছে আরো ৫০০-৬০০ কোটি টাকা ব্যয় করে প্রকল্পটি যদি চালু রাখতে পারি। তাহলে উচ্ছেদ করার থেকে আরো বেশি কাজে লাগানো সম্ভব হবে। তবে যেটা যুক্তিযুক্ত এবং জনবান্ধব সেই সিদ্ধান্তই নেওয়া হবে৷”
গণসচেতনতামূলক সভায় তিনি বলেন, “আমরা যারা দায়িত্বে আছি, আমাদের তখনই ঈদ মনে হয়; যখন শুনি ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরেছে।”
রবিউল আলম আরো বলেন, “আজকের সভায় আমি উপস্থিত হতে পেরে আনন্দিত। আজকে পরিবহন সংশ্লিষ্ট আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের কাছে আমি একটি দাবি করে যাচ্ছি সেটি হলো, ঈদযাত্রায় হাজার হাজার মানুষ যাতে স্বস্তিতে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। এই চন্দ্রা ত্রিমোড় এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরাঞ্চলে প্রবেশের এটাই একমাত্র সহজ মাধ্যম। আমরাও এই সড়ক দিয়েই যাই। হাজার হাজার মানুষ যাতে আপনাদের এই এলাকা নিরাপদে ভোগান্তিহীনভাবে যাত্রা করতে পারে এই বিষয়টি নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। আপনারা সাধারণ মানুষ ও পরিবহন মালিক ও শ্রমিকরা যদি আমাদের জন্য এই কাজটা করেন, তাহলে আমরাও কথা দিচ্ছি আপনাদের দাবিগুলো বাস্তবায়ন করব।”
ঢাকা/রেজাউল/রাজীব
দেশে হাম ও হামের উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু