ঢাকা     সোমবার   ২৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১১ ১৪৩৩ || ৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, লাশ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ২৪ মে ২০২৬  
স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, লাশ উদ্ধার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বপ্না বেগম (৪৮) নামে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। 

রবিবার (২৪ মে) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণটারী গ্রামে ভগ্নিপতির বাড়ি থেকে তার বিবস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ। স্বপ্না বেগম ওই এলাকার মৃত নজমাল হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে স্বামীর সঙ্গে স্বপ্না বেগমের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর থেকে তিনি সাধারণত ঢাকায় অবস্থান করলেও মাঝেমধ্যে গ্রামের বাড়িতে আসতেন। গত চার দিন আগে তিনি ঢাকা থেকে গ্রামের বাড়ি আসেন। পাশেই ভগ্নিপতি নান্নু সরকারের বাড়ি ‘স্বচ্ছ মঞ্জিল’ ফাঁকা থাকায় তিনি সেখানে অবস্থান করছিলেন। ঘটনার রাতে তিনি সেখানেই ছিলেন। কিন্তু আজ রবিবার সকালে তার সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা ওই বাড়িতে যান। এ সময় তারা বাড়ির সদর গেট খোলা দেখতে পান এবং ভেতরে ঢুকে শয়নকক্ষে স্বপ্নার বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

মরদেহ দেখে স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে। তবে পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং এর সঙ্গে জড়িত ঘাতকদের শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।

ঢাকা/সিপন//

সর্বশেষ

পাঠকপ্রিয়